মিথিলাকে ভুলে প্রাক্তনকে বুকে জড়িয়ে সৃজিতের পোস্ট
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪
ছবি: সংগৃহীত
বেশ কিছুদিন ধরেই মিথিলা-সৃজিতের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে। কেননা গত বছর সৃজিতের বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে ঢাকায় থাকছেন মিথিলা। এ বিষিয়ে মিথিলা কিংবা সৃজিত কিছু না জানালেও সোশ্যাল মিডিয়ায় করা সৃজিতের একটি পোস্ট যেন বিচ্ছেদের গুঞ্জনে ঘি ঢালার মতো কাজ করেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সৃজিত মুখোপাধ্যায়, যেখানে ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাকে। আর এই ছবি দেখেই নেটপাড়া চমকে উঠেছে, কারণ সৃজিত ও ঋতাভরী একসময় ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে ছিলেন।
প্রাক্তনের সাথে পোস্টের ক্যাপশনে সৃজিত লেখেন, ‘জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’ এই কাব্যিক স্টাইলে লেখা পোস্টের পর অনেকেই প্রশ্ন তুলছেন, কেন হঠাৎ করে ঋতাভরীকে নিয়ে এমন পোস্ট করলেন সৃজিত?
সৃজিত ও ঋতাভরী একসময় প্রেমের সম্পর্কের মধ্যে ছিলেন, যদিও তারা কখনই প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। ২০১৭ সালে টালিপাড়ায় প্রথম তাদের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তিন বছর ধরে চলা তাঁদের সম্পর্ক হঠাৎ ভেঙে যায়, তবে সেই বিচ্ছেদের কারণ স্পষ্ট হয়নি। তবে ঋতাভরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তিন বছর ভালোবাসার থেকে ঝগড়াই বেশি করেছি।’
বর্তমানে সৃজিত এবং ঋতাভরী দুজনের আলাদা সম্পর্কে আছে। ২০১৯ সালে বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। অন্যদিকে ঋতাভরীও মুম্বাইয়ের চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন।
তবে, সৃজিতের পোস্টের পর প্রশ্ন উঠেছে, কেন এই পুরোনো সম্পর্ক নিয়ে হঠাৎ আবার কথা বললেন সৃজিত? সৃজিত ও ঋতাভরীর সম্পর্কের মাঝে থাকা এই রহস্য বর্তমানে টলিপাড়া এবং নেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যদিও এ বিষয়ে মিথিলা ,সৃজিত এবং ঋতাভরী কেউ কোনো মন্তব্য করেননি।
এফএটি

