হাউসফুল ৫ থেকে সিকান্দার
মুক্তির অপেক্ষায় বলিউডের সেরা ৮ সিনেমা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৩
ছবি: সংগৃহীত
সিনেমাপ্রেমী দর্শকদের জন্য ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে দারুণ কিছু বড় বাজেটের হিন্দি সিনেমা। যে-সব সিনেমায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় তারকারা। আসন্ন সিনেমাগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু সিরিজ এবং নতুন চলচ্চিত্র যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ২০২৫ সালে কোন সিনেমা নিয়ে বেশি আগ্রহ দর্শকের? জেনে নেওয়া যাক এমন আটটি সিনেমার কথা—
ইমারজেন্সি
কঙ্গনা রানাওয়াত পরিচালিত এবং অভিনীত সিনেমা ইমারজেন্সি মুক্তি পাবে ১৭ জানুয়ারি। সিনেমাটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ওপর ভিত্তি করে নির্মিত, যা ১৯৭৫-১৯৭৭ সালের জরুরি অবস্থার প্রেক্ষাপট নিয়ে তৈরি। যদিও সিনেমার ট্রেলার প্রকাশ হতেই বিতর্কের মুখে পড়ে আটকে যায় ‘ইমারজেন্সি’ সিনেমা মুক্তির তারিখ। তবে এবারে সেন্সরের ছাড়পত্র নিয়েই মুক্তি পাচ্ছে সিনেমাটি। অনেকেই ধারণা করছেন ইমারজেন্সি সিনেমায় অভিনয়ের জন্য পঞ্চম জাতীয় পুরস্কার পেতে চলেছেন কঙ্গনা রানাওয়াত।
ছাবা
শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে তৈরি সিনেমা ছাবা, যা মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এ সিনেমায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে অভিনয় করতে দেখা যাবে। ভিকি কৌশল ও অক্ষয় খান্নার অভিনয় এ সিনেমাকে বিশেষভাবে আকর্ষণীয় করেছে।
সিকান্দার
বলিউডের ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা সিকান্দার মুক্তির অপেক্ষায় রয়েছেন অসংখ্য দর্শক। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বরাবরের মতো প্রশংসায় ভাসছেন ‘ভাইজান’। এ আর মুরুগাদস পরিচালিত এই সিনেমায় ভাইজানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মন্দানাকে। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে সিকান্দার।
রেইড ২
অজয় দেবগন অভিনীত জনপ্রিয় সিনেমা রেইড এর সিক্যুয়েল রেইড ২ মুক্তি পাবে ১ মে। সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার গুপ্ত। প্রথম কিস্তির মতোই এটিও বক্স অফিসে ব্যাপক সাড়া পাবে বলে ধারণা করা হচ্ছে।
হাউসফুল ৫
বছরের অন্যতম আলোচিত সিনেমা হতে চলেছে হাউসফুল ৫, যা মুক্তি পাবে চলতি বছরের ৬ জুন। এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নার্গিস ফকরি-সহ অনেক তারকাকে। পাঁচ বছরের বিরতির পর মুক্তি পাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত হাউসফুল এর পঞ্চম কিস্তি।
ওয়ার ২
২০১৯ সালের একটি অন্যতম সফল সিনেমা ওয়ার এর দ্বিতীয় কিস্তি ওয়ার ২ মুক্তি পাবে ভারতের স্বাধীনতা দিবসে। ভারতীয় সেনা সদস্যদের বিশেষ মিশন, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং বিভিন্ন গল্পের অন্তরালের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ওয়ার ২’ সিনেমাটি। ওয়ার সিনেমার দ্বিতীয় কিস্তিতেও একসঙ্গে অভিনয় করবেন হৃতিক রোশন ও টাইগার শ্রফ।
লাহোর ১৯৪৭
ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে নির্মিত লাহোর ১৯৪৭, ২০২৫ সালের আগস্টে মুক্তি পেতে পারে। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন আমির খান এবং পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী।
আলফা
বছরের শেষে, অর্থাৎ ২০২৫ সালের ইতি টানবে আলফা। সিনেমায় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ। খল চরিত্রে রয়েছেন ববি দেওল। ২৫ ডিসেম্বর মুক্তি পাবে আলফা।
বলাই বাহুল্য ২০২৫ সালটি বলিউডের সিনেমার জন্য এক অন্যতম বছর হতে চলেছে। নতুন এই সিনেমার মধ্য দিয়ে বেশ কিছু ভিন্ন গল্পের অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন অসংখ্য সিনেমাপ্রেমী দর্শক।
এফএটি

