Logo

বিনোদন

মুক্তির আগেই বাংলাদেশে নিষিদ্ধ ‘ইমার্জেন্সি’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮

অ
মুক্তির আগেই বাংলাদেশে নিষিদ্ধ ‘ইমার্জেন্সি’

ছবি: সংগৃহীত

অবশেষে মুক্তির পথে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বহুল প্রতীক্ষিত সিনেমা ইমার্জেন্সি।সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।

সিনেমাটির পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা সবকিছুই করেছেন তিনি নিজেই। তবে সিনেমা মুক্তির আগে বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন কঙ্গনা। ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও, সেন্সর বোর্ড এবং সম্প্রদায়ের বিভিন্ন সমালোচনার কারণে সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়।

১৯৭৫ সালে ভারতে ঘোষিত জরুরি অবস্থা এবং সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে ‘ইমার্জেন্সি’। এখানে তুলে ধরা হয়েছে কীভাবে ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন। সিনেমায় দেখানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের বিপরীতে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী কীভাবে তার সিদ্ধান্তে অনড় ছিলেন এবং পাকিস্তানকে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও সিনেমাটি ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় তুলে ধরছে। তবে বাংলাদেশে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।

দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে সিনেমাটি বাংলাদেশে নিষেধাজ্ঞার পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতির প্রভাবও সিনেমার নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত বলে একটি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যেহেতু বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বাজার, তাই সেখানে সিনেমাটির মুক্তি বন্ধ থাকায় এর আয়ের ওপর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ‘ইমার্জেন্সি’ মুক্তির আগে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন কঙ্গনা। সিনেমাটি দেখে মন্ত্রী ভারতের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়কে বাস্তবভাবে তুলে ধরার জন্য কঙ্গনাকে ধন্যবাদ জানান।

তবে কঙ্গনা জানিয়েছেন, প্রথমবার পরিচালনা করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হওয়ায় ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক ছবি নির্মাণের কথা ভাবছেন না তিনি। অবশেষে, বহুল প্রতীক্ষিত ‘ইমার্জেন্সি’ সিনেমাটি আগামী ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন