বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত, চলছে অস্ত্রোপচার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:০৫
গভীর রাতে নিজ বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাইফ আলি খানকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, গভীর রাতে এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত সাইফের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন ওই ব্যক্তি। এতে আহত হন সাইফ। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে ডাকাতির উদ্দেশ্য থাকতে পারে বলে তারা ধারণা করছে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা পুলিশ এবং মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।হামলাকারীকে ধরার জন্য অভিযান চলছে।
হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নীরজ উত্তমানি জানিয়েছেন, সাইফের শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দু'টি গভীর। মেরুদণ্ডের কাছাকাছি একটিতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। সাইফের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। তার অস্ত্রোপচার শুরু হয়েছে।
অভিনেতার টিম থেকে একটি বিবৃতি দিয়ে অনুরাগী ও সংবাদমাধ্যমকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। এমন ঘটনায় সাইফের শারীরিক অবস্থার আপডেট পেতে উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরা।
এফএটি/এনজে

