যে সংলাপ দিতে গিয়ে যন্ত্রণায় ছটফট করেছিলেন রেখা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৭
ছবি: সংগৃহীত
রেখা আর অমিতাভ বচ্চনের সম্পর্কের গল্প বলিউডের চর্চিত অধ্যায়গুলোর মধ্যে অন্যতম। তবে একটা বিশেষ দিন আজও ভুলতে পারেননি রেখা। যেদিন তাকে অমিতাভকে বলতে হয়েছিল, ‘তোমাকে ঘৃণা করি।’ যাকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন, তাকে প্রকাশ্যে ঘৃণা করার কথা বলতে হবে—এই যন্ত্রণায় ছটফট করেছিলেন রেখা।
সেদিন ১৫ হাজার দর্শকের সামনে রেখা-অমিতাভ মুখোমুখি। ‘সিলসিলা’ ছবির শুটিং চলছিল, যেখানে বাস্তব জীবনের মতোই তাদের প্রেম আর জয়া বচ্চনের সঙ্গে ত্রিকোণ সম্পর্ক ফুটিয়ে তোলা হচ্ছিল। ছবির এক দৃশ্যে রেখাকে সংলাপ বলতে হয়েছিল যে, তিনি অমিতাভকে ঘৃণা করেন। সেই সংলাপ বলার পর দর্শকদের মধ্যে নেমে এসেছিল গভীর স্তব্ধতা, পরে ভিড়ের মধ্যে থেকে একটাই শব্দ শোনা গিয়েছিল, ‘ওহ।’
সিনেমার চরিত্রের জন্য হলেও এই সংলাপ বলতে দ্বিধা ছিল রেখার। তিনি এ কথা বলতেই চাননি। তবে চিত্রনাট্যের খাতিরে সেটি বলা বাধ্যতামূলক ছিল। এ সময় অমিতাভ নিজেই তাকে সহায়তা করেছিলেন। হলিউড অভিনেতা জেমস ডিনের এক গল্প শোনান তিনি, যেখানে ডিনও একইরকম দ্বিধার সম্মুখীন হয়েছিলেন। সেই গল্প শুনিয়ে অমিতাভ রেখাকে মনের জোরে সংলাপটি বলার সাহস দেন।
অবশেষে, অমিতাভের পরামর্শে রেখা এক টেকেই সেই দৃশ্য নিখুঁতভাবে সম্পন্ন করেন। শট শেষ হলে, আবেগের বশে অমিতাভকে জড়িয়ে ধরেছিলেন রেখা। সেই মুহূর্তে উপস্থিত প্রত্যেকের চোখ যেন ভিজে উঠেছিল।
এফএটি

