আমার মতো ফাটিয়ে প্রেম ইন্ডাস্ট্রিতে কেউ করেনি : পরীমণি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:০৭
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। যিনি শুধু তার অভিনয়েই নয়, ব্যক্তিজীবনের নানা গল্প ও বিতর্কের কারণেও বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে বহুবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। এসব কারণেই পরীমণির ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে। পরী বর্তমানে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন বা কাকে বিয়ে করতে যাচ্ছেন— এ নিয়ে নেটিজেনদের জল্পনা-কল্পনার শেষ নেই।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক সাক্ষাৎকারে পরীমণিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে জানান, ‘আমার আর প্রেম আসে না! প্রেমের সেই জোন থেকে আমি বেরিয়ে এসেছি।’
পরীমণি আরও জানান, তার প্রেম নিয়ে মানুষের আগ্রহ তাকে অবাক করে দেয়। ‘আমার প্রেম হলে অন্যদের এত উৎসাহ কেন?’ হাসতে হাসতে এমনটাই মন্তব্য করেন তিনি।
সহজ স্বীকারোক্তি দিয়ে পরী বলেন, এত প্রেম করেছি! আমার মতো ফাটিয়ে প্রেম বোধহয় ইন্ডাস্ট্রিতে কেউ করেনি। হাস্যরসের সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আমার প্রেমের কোটা শেষ!’ তবে এসবের মধ্যে একটি বিষয় স্পষ্ট করেছেন, ‘আমি কারও নই, তোমরা খুশি থাকো।’
প্রেমের জোন থেকে বেরিয়ে এসে এখন পরীমণি অভিনয়ে মনোযোগ দিতে চান। নায়িকা নয়, অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।
এফএটি

