ছবি: সংগৃহীত
গভীর রাতে নিজ বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাইফ আলি খানকে।
সাইফের পাশাপাশি কারিনা কাপুর খানকে নিয়েও বেশ উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্তরা। প্রশ্ন উঠেছে সাইফকে ছুরিকাঘাতের রাতে কোথায় ছিলেন কারিনা?
জানা যায়, ঘটনার রাতে বাড়িতে ছিলেন না কারিনা। তিনি তার বন্ধুদের সঙ্গে ডিনারে অংশ নিতে বাইরে গিয়েছিলেন। ফলে পুরো পরিস্থিতি একাই সামাল দিতে হয়েছিল সাইফকে।
বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার চলছে সাইফের। ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে পড়ার পরে তার সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ। সেই সময় অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়।
এদিকে এই ঘটনার পর কারিনা কাপুরের টিমের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন। এই ঘটনায় তাদের কোনো ক্ষতি হয়নি।
কারিনার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সাইফ তার হাতে ব্যাথা পেয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন ও চিকিৎসা চলছে। আমাদের পরিবার নিরাপদে রয়েছে। সংবাদমাধ্যম ও ভক্তদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ধৈর্য ধরুন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। সাইফের প্রতি আপনাদের উদ্বেগ, ভালোবাসার জন্য ধন্যবাদ।’
এফএটি

