ছবি : সংগৃহীত
বলিউডে আবারও ঘটল বড় দুর্ঘটনা। মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে শুটিং চলাকালীন ছাদের সিলিং ভেঙে গুরুতর আহত হয়েছেন অভিনেতা অর্জুন কাপুর। তার পাশাপাশি ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজিজ এবং আরও বেশ কয়েকজন কলাকুশলী আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অর্জুন ও ভূমি পেডনেকর তাদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’-র একটি গানের দৃশ্য ধারণ করছিলেন। শুটিং চলাকালীন হঠাৎ করেই পুরোনো ভবনটির ছাদের একটি বড় অংশ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়-এর সাধারণ সম্পাদক অশোক দুবে জানিয়েছেন, ‘ভবনটি ছিল বেশ পুরোনো এবং ভগ্নপ্রায়। টানা শুটিংয়ের শব্দ ও কম্পনের কারণে ছাদটি নড়বড়ে হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সেটি ভেঙে পড়ে এবং এই দুর্ঘটনা ঘটে।’
তিনি আরও জানান, ‘অর্জুন কাপুর ছাড়াও ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাসসির আজিজও আঘাত পেয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের আঙুল ভেঙে গেছে এবং সহচিত্রগ্রাহকের মেরুদণ্ডে চোট লেগেছে। তবে সৌভাগ্যক্রমে কেউই প্রাণঘাতী আঘাত পাননি।’
ঘটনাটিমহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিএমসিকে অবহিত করা হয়েছে। অশোক দুবে বলেন, ‘পুরোনো এবং ঝুঁকিপূর্ণ ভবনে শুটিং করার আগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের ঘটনা থেকে রক্ষা পেতে সরকারের কড়া নির্দেশনা প্রয়োজন।’
এটিআর/

