Logo

বিনোদন

নতুন চরিত্রে শহীদ, দুই বছর পর ফিরছেন বড় পর্দায়

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮

অ
নতুন চরিত্রে শহীদ, দুই বছর পর ফিরছেন বড় পর্দায়

ছবি: সংগৃহীত

দুই বছরের বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে তার আসন্ন সিনেমার ঝলক। ‘দেবা’র ট্রেলারে শহীদের দেখা মিলেছে এক রণোন্মত্ত পুলিশ চরিত্রে। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের উচ্ছ্বাসে মেতে রয়েছেন অভিনেতা। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিল্লির কনৌট প্লেসের এক অভিজাত হোটেলে সাংবাদিকদের সামনে নিজের পরিচিত মেজাজে হাজির হন শহীদ। কালো ভেলভেটের সুটে বেশ আভিজাত্যপূর্ণ লুকে ধরা দেন তিনি। পাশে ছিলেন বলিউডের উদীয়মান অভিনেত্রী পূজা। যিনি সিনেমায় শহীদের সহ-অভিনেত্রীর ভূমিকায় রয়েছেন। 

চরিত্র নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে বেছে বেছে কাজ করছেন শহীদ। এই চরিত্রটির জন্য প্রায় দু’বছর সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। অভিনেতা জানান, ‘পরিচালকের সঙ্গে এক বছর ধরে আলোচনা চলেছে। তার পর আরও এক বছর ধরে শুটিং করেছি। এই ছবির জন্য আমি আমার জীবনের অনেকটা সময় দিয়েছি।’ 

অন্যদিকে, দক্ষিণী চলচ্চিত্র থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করতে আসা পূজাও শহীদের সঙ্গে কাজ করে তার কাছ থেকে বহু কিছু শিখেছেন। তার কথায়, ‘শহীদ শুধু ভালো সহ-অভিনেতাই নন, তিনি খুব ভালো পরামর্শদাতাও। ক্যারিয়ার নিয়ে তার থেকে অনেক পরামর্শ পেয়েছি।’ 

শহীদকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘কবীর সিং’ সিনেমায়। যেটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছিল। ‘দেবা’র ট্রেলার মুক্তির পর থেকেই নেটিজেনরা কবির সিং এর সঙ্গে দেবা’কে তুলনা করছেন।  কিন্তু শহীদ এটি মানতে নারাজ। তিনি স্পষ্ট করেই জানান, ‘প্রত্যেকটা চরিত্র আলাদা। যেমন এর আগেও কবীর সিং এর সঙ্গে (উড়তা পাঞ্জাবের চরিত্র) টমি সিং নিয়ে তুলনা করা হয়েছিল। কিন্তু সিনেমা মুক্তির পর সেই ধারণা বদলে যায়।’  

শুটিং চলাকালীন কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সিনেমা মুক্তির আগে বেশ বিচলিত থাকেন বলে জানান অভিনেতা। তিনি বলেন, দর্শক কীভাবে সিনেমাটিকে গ্রহণ করবেন, সেটা জানা না থাকলে একটা অজানা ভয় থেকেই যায়। নিজের নতুন এ চরিত্রটি নিয়ে বেশ আশাবাদী শহীদ। তবে দর্শকদের সামনে তার নতুন চরিত্র কতটা গ্রহণযোগ্য হয়, সেটাই দেখার অপেক্ষা বলেও জানান তিনি। 

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন