ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা শহীদ কাপুর অভিনয় দিয়ে নিজের জায়গা শক্ত করেছেন অনেক আগেই। বেশ কিছুদিন ধরেই চিত্রনাট্য বেছে কাজ করছেন তিনি। এবারে দুই বছর পর পর্দায় ফিরছেন শহীদ। আসন্ন সিনেমা ‘দেবা’য় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দক্ষিণী নায়িকা পূজা হেগড়ের সঙ্গে। সিনেমাটি পরিচালনা করেছেন মালয়ালাম পরিচালক রোশন আন্দ্রেউস।
ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলারটি। যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শহীদ কাপুর। সম্প্রতি সিনেমার প্রচার অনুষ্ঠানে পূজা হেগড়ের অভিনয়ের প্রশংসা করেন শহীদ।
তিনি বলেন, ‘পূজা তার অবস্থানে আসার জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমি তাকে সম্মান জানাই। সবাই এটা করতে পারে না। এছাড়াও তিনি যেভাবে নাচেন, তা খুবই মনোমুগ্ধকর। আমি তার নাচ দারুণ উপভোগ করি।’
২০১৬ সালে হৃতিক রোশনের বিপরীতে ‘মহেঞ্জোদারো’ সিনেমার মাধ্যমে বলিউডে তার যাত্রা শুরু করেন পূজা হেগড়ে। দেবা সিনেমায় একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অন্যদিকে শহীদকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। এছাড়াও সিনেমায় একটি গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাভেল গুলাটি।
চলতি বছরের ৩১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেবা। শহীদ ও পূজার এই নতুন জুটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। ‘দেবা’ মুক্তির সাথে সাথে এই জুটির রসায়ন কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় বলিউডপ্রেমীরা।
এফএটি

