ছবি: সংগৃহীত
আসন্ন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং শেষ করে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকায় ফিরেছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। মুম্বাইয়ে দুই সপ্তাহ ধরে সিনেমার দ্বিতীয় লটের শুটিং শেষ করেন তিনি।
সিনেমা প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে শাকিব বলেন, ‘দর্শকদের যেই প্রত্যাশা ‘বরবাদ’ নিয়ে তৈরি হয়েছে, সেটি পূরণ হবে। এটি বড় বাজেটের একটি ছবি, যা দর্শকদের ভালো কিছু উপহার দেবে।’
‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। যিনি এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি বলেন, অ্যাকশন-ভায়োলেন্স রোমান্টিক ঘরানার সিনেমা বরবাদ। নির্মাণে কোনো ত্রুটি রাখা হয়নি বলেও জানান তিনি।
গত ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’-এর মোশন পোস্টার ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে শাকিব খানকে নতুন লুকে অ্যাকশন মুডে একটি গাড়ির ওপর বসে থাকতে দেখা যায়। হাতে পিস্তল আর চারপাশে ছড়িয়ে থাকা রক্তের ছাপ দেখে সিনেমাপ্রেমীরা ধারণা করে নিয়েছেন নতুন কিছু আসতে চলেছে ।
সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। এছাড়া একটি আইটেম গানে নজর কেড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।
চলতি বছর রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘বরবাদ।’
এফএটি

