সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘পথের পাঁচালী’ সিনেমায় দুর্গা চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ‘পথের পাঁচালী’ অবলম্বনে ১৯৯৫ সালে একই নামে সিনেমা তৈরি করে ইতিহাস সৃষ্টি করেছিলেন সত্যজিৎ রায়। আর সে সিনেমায় ছোট্ট মেয়ে দুর্গা চরিত্রে অভিনয় করে সে ইতিহাসের অংশ হয়েছিলেন উমা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন উমা দাশগুপ্ত। চিকিসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও, সাদা-কালো ছবির দুনিয়ায় অপু-দুর্গার অনবদ্য অভিনয় দর্শকহৃদয়ে আজও গাঁথা হয়ে আছে। অভিনেত্রীর মৃত্যুতে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
জীবনে শুধু এই একটি সিনেমাতেই অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। আর সেটি পথের পাঁচালী। শৈশব থেকেই করতেন থিয়েটার। তিনি যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো সম্পর্ক ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই তিনি আবিষ্কার করেছিলেন পথের পাঁচালীর ‘দুর্গা’ উমা দাশগুপ্তকে। তবে উমার বাবা একেবারেই চাননি সিনেদুনিয়ায় আসুক তাঁর মেয়ে। পরে উমার পরিবারকে রাজি করানোর দায়িত্ব নিয়েছিলেন খোদ পরিচালক সত্যজিৎ রায়।

