ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে আড়ালে ছিলেন একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তার বিয়ে ও সন্তানের খবর নিয়ে গুঞ্জন শোনা গেলেও তিনি কখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এবার সম্পত্তি দখলের অভিযোগে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন পপি।
এ নিয়ে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন নায়িকা পপির বোন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা গেছে- পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান।
এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন। জানা যায়, বর্তমানে খুলনায় অবস্থান করছেন পপি ও তার স্বামী।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। যেখানে ওমর সানীর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সেসময় ব্যাপক সাফল্য অর্জন করে সিনেমাটি।
এফএটি

