Logo

বিনোদন

ম্রো ভাষায় প্রথম চলচ্চিত্র ‘ক্লোবং ম্লা’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭

অ
ম্রো ভাষায় প্রথম চলচ্চিত্র ‘ক্লোবং ম্লা’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বহু নৃগোষ্ঠীর মানুষ বাস করে। তাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। এই ভাষাগুলোতে চলচ্চিত্র নির্মাণের ইতিহাস খুবই সীমিত। তবে এবার প্রথমবারের মতো প্রদর্শিত হবে ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘ক্লোবং ম্লা’, (বাংলা নাম: গিরিকুসুম)।

আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে আয়োজিত ‘মাতৃভাষা চলচ্চিত্র উৎসব ২০২৫’-এ প্রদর্শিত হবে ‘ক্লোবং ম্লা’। ছবিটির নির্মাতা প্রদীপ ঘোষ ও প্রযোজক বান্দরবানের বিশিষ্ট চিকিৎসক ডা. মং উষা থোয়াই।   

ছবিটির চিত্রনাট্য লিখেছেন ম্রো ভাষার লেখক ও গবেষক ইয়াংঙান ম্রো। ম্রো সমাজে প্রচলিত একটি জনপ্রিয় গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি ম্রো সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা ও সংগ্রাম তুলে ধরেছে।

ছবিতে ক্লোবং নামের এক কন্যাশিশুর জীবনসংগ্রাম, তার ভাইয়ের স্নেহ ও পারিবারিক জটিলতাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। 

এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়ে পা রাখলেন ম্রো সমাজের ১৫ জন সদস্য। ছবিটির শুটিং হয়েছে বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চল চিম্বুক ও  রামরিপাড়ায়। ম্রো সম্প্রদায়ের সহযোগিতায় ও ইয়াংঙান ম্রোর নেতৃত্বে পরিচালনা ছবিটি করেছেন প্রদীপ ঘোষ।

এর আগে মারমা ভাষায় ‘গিরিকন্যা’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন ডা. মং উষা থোয়াই । এবার ম্রো ভাষায় ‘ক্লোবং ম্লা’ চলচ্চিত্রটি নির্মাণে তার সহযোগিতা ছিল অসামান্য। তার লক্ষ্য পাহাড়ের ১১টি নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা। 

‘ক্লোবং ম্লা’ চলচ্চিত্রটি ম্রো ভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে।

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন