সঞ্জীব চৌধুরীর প্রয়াণদিবস
টিএসসিতে বসছে 'সঞ্জীবসন্ধ্যা'
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৭
'সঞ্জীবসন্ধ্যা'র পোস্টার। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণদিবস আজ। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘সঞ্জীবসন্ধ্যা’। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় এ অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে গাইবেন দেশের খ্যাতনামা শিল্পীরা।
আয়োজকরা জানিয়েছেন, ‘সঞ্জীবসন্ধ্যায় গান গাইবেন তাঁর সহযোদ্ধারা, যারা যুদ্ধ করে যান যুগে যুগে, যারা ঘুরে ঘুরে তাদের স্বপ্নের কথা জানাতে চান।’
এ অনুষ্ঠানে থাকবেন—অনিন্দ্য বিশ্বাস, ক্রানুপ্রু মার্মা লোটাস, তাসনিম ইজাজ, অং অং, সায়েম জয়, তুহিন কান্তি দাস, ব্লাইন্ডস্পট, আজওয়াড, লানজু, শান্তনু, অমি, সূর্য পলাশ, শাহনেওয়াজ তুষার, তথাপি আজাদ, সৈকত আমীন, সোহেল রায়হান, মুইজ মাহফুজ, মারুফ মৃন্ময়, জয়ন্ত পাল জয় ও ইমরান হোসাইন এবং সাংস্কৃতিক ইউনিয়ন পারফরম্যান্স টিম।
সঞ্জীব চৌধুরী ছিলেন বাংলা সংগীতের একজন উজ্জ্বল নক্ষত্র। তাঁর গানে প্রতিধ্বনিত হয়েছে সময়ের নানা সুর। তার 'আমি তোমাকেই বলে দেব', 'রঙ্গিলা', 'সমুদ্রসন্তান', 'জোছনাবিহার', 'তোমার ভাঁজ খোলো', 'চাঁদের জন্য গান', 'স্বপ্নবাজি' প্রভৃতি গান মানুষের মুখে মুখে শোনা যায়। তার গানগুলো একদিকে যেমন প্রেমের কথা বলে, তেমনি অন্যদিকে সমাজের নানা বিষয়কে গভীরভাবে ফুটিয়ে তোলে।
'গাড়ি চলে না', 'বায়োস্কোপ', 'কোন মিস্তরি নাও বানাইছে'—এমন লোকগানের মধ্য দিয়ে তিনি বাংলা লোকসংগীতকে নগর জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন। সঞ্জীব চৌধুরী তাঁর সময়ের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। দলছুটের চারটি অ্যালবাম প্রকাশিত হয়। তিনি বহু গান রচনা ও সুর দিয়েছিলেন।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করা সঞ্জীব চৌধুরী ২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন। সৃষ্টিকর্ম দিয়ে তিনি বাংলা সংগীতাঙ্গনে অমর হয়ে রয়েছেন।
ডিআর/এমএইচএস

