ছবি : সংগৃহীত
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় জীবনের ১৮ বছর পূর্ণ হলো। এই দীর্ঘ পথচলায় দর্শকের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি।
বিশেষ এই মুহূর্তে অনুরাগীদের সঙ্গে সময় কাটিয়ে ফিরে গেলেন স্মৃতির পাতায়, শেয়ার করলেন ছোটবেলার মজার এক গল্প—যেখানে তিনি সত্যিই বিশ্বাস করতেন, একদিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করবেন!
অনুরাগীদের সঙ্গে খোলামেলা আড্ডায় শুভশ্রী জানান, ছোটবেলায় তিনি ভাবতেন বড় হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করবেন। তিনি বলেন, ‘ছোটবেলায় আমি বলতাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করব। সত্যিই ভাবতাম বড় হলে বুম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে।’
তবে সময়ের সঙ্গে বদলেছে তার জীবনের গল্প। এখন তিনি সুখী দাম্পত্যজীবনে স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে কাটাচ্ছেন সুন্দর সংসার।
নিজের দীর্ঘ অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘‘সিনেমা আমার জীবন নয়, এটি জীবনের একটি অংশ। এই পথচলায় আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা। যারা ‘চ্যালেঞ্জ’ বা ‘পরাণ যায় জ্বলিয়া রে’ দেখেছেন, তারা আজ ‘সন্তান’-ও দেখছেন, একইভাবে ভালোবাসছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’’
পছন্দের নায়কদের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘বলিউডে আমি শাহরুখ খানের বড় ভক্ত। আর টলিউডে জিৎ-কোয়েল জুটিকে অসম্ভব পছন্দ করি।’
১৮ বছরের অভিনয় জীবনের পরও শুভশ্রী নিজের শেকড়কে ভোলেননি। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো একজন ভালো মানুষ হওয়া। অভিনয় জীবন যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় হলো মানবিক গুণাবলি অর্জন করা।’
এটিআর/

