ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু তাদের ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন। সংবাদমাধ্যমে এ খবর জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সায়রা বানু ও তার স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক আল্লারাখা রহমানের (এ আর রহমান) পক্ষ থেকে বন্দনা শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস এই বিবৃতি প্রদান করছে। বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
আনুষ্ঠানিক বিবৃতিতে আরও বলা হয়, ‘একে অপরের প্রতি তাদের গভীর ভালবাসা সত্ত্বেও এই দম্পতি লক্ষ্য করেছেন, তাদের মধ্যে দিন দিন দূরত্ব তৈরি হয়েছে, অনেক ব্যবধান, যা এই মুহূর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব হয়নি।’
বিবৃতিতে আইনজীবী অনুরোধ করছেন, বিষয়টি নিয়ে যেন সায়রাকে বিব্রত না করা হয়। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। দীর্ঘ দাম্পত্যে ইতি টানা সহজ নয়।
এ প্রসঙ্গে সায়রা বানু জানান, এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার (২০ নভেম্বর) বিচ্ছেদ প্রসঙ্গে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ আর রহমান লেখেন, ‘আমরা আশা করেছিলাম মহৎ ত্রিশে পৌঁছাতে, কিন্তু মনে হয় সব কিছুতেই একটি অদৃশ্য শেষ থাকে। এমনকি ঈশ্বরের সিংহাসনও হয়তো ভেঙে যাওয়া হৃদয়ের বোঝায় কেঁপে ওঠে। তবুও, এই ভাঙনের মধ্যে, আমরা অর্থ খুঁজে চলি, যদিও টুকরোগুলো আবার একত্রিত হতে পারে না। যেহেতু আমরা এই নাজুক অধ্যায়টি অতিক্রম করছি তাই আমাদের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান জানিয়েছেন।’

প্রসঙ্গত, ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে সংসার শুরু করেন এ আর রহমান। বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছিলেন, সায়রা বানুর সঙ্গে বিয়েটা হয়েছিল পারিবারিক পছন্দে। তার ব্যক্তিগত পছন্দ বা প্রেম নয়। মায়ের পছন্দে বিয়ে করেছিলেন তিনি।
সিমি গারেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, স্ত্রী সায়রার সঙ্গে তার কিছু সাংস্কৃতিক মতপার্থক্য রয়েছে। যদিও তারা বিষয়টি সামলে নিয়েছেন বলেও জানিয়েছিলেন।
সর্বশেষ আম্বানি পরিবারের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের তিন সন্তানও রয়েছে-খাদিজা, রহিমা ও আমিন। বড় মেয়ের বিয়ে দিয়েছেন বেশ কিছু বছর আগে।
উল্লেখ্য, ১১ বছর বয়স থেকে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাদ্য বাজাতে শুরু করেন এ আর রহমান। ঘটনাচক্রে ব্যক্তি জীবনেও ধর্ম বদলান তিনি। ২৩ বছর বয়সে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এর আগে তার নাম ছিল দিলীপ কুমার।
১৯৯২ সালে তামিল ছবি ‘রোজা’ দিয়ে সুরকার হিসেবে তার যাত্রা। পরে ১৯৯৫ সালে রাম গোপাল ভার্মার ‘রঙ্গলীলা’তে সংগীত পরিচালনা করে তিনি শুরু করেন বলিউড যাত্রা ।
রহমান তার সংগীতের জীবনে ড্যানি বয়েলের ২০০৮ সালের চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নিয়ারের’ জন্য অস্কার, গ্র্যামি, বাফটা এবং গোল্ডেন গ্লোব জিতেছিলেন। তিনি ৬টি ভারতীয় জাতীয় পুরস্কারসহ ৩২টিরও বেশি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।
এসবি/এনআর

