বাংলাদেশের দর্শকদের কাছে বিশ্বমানের বিনোদন সহজলভ্য করতে টফি তাদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২ হাজারেরও বেশি মুভি যুক্ত করেছে। প্রিমিয়াম এন্টারটেইনমেন্টকে মাত্র এক ক্লিকে সবার জন্য যেকোনো জায়গা থেকে সহজে উপভোগযোগ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
লায়নসগেট প্লে’র সাথে এক চুক্তির মাধ্যমে টফি এখন ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি, সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র এবং জনপ্রিয় সিরিজ সরবরাহ করছে। স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন সাবস্ক্রিপশন ও পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এসব মুভি দেখা যাবে। মাত্র ৯৯ টাকায় এই বিস্তৃত মুভি কালেকশন উপভোগ করা যাবে, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে।
জন উইক ও দ্য হাঙ্গার গেমসের মতো মারদাঙ্গা অ্যাকশন মুভি থেকে শুরু করে জাব উই মেটের মতো কালজয়ী রোমান্স—সব ধরনের দর্শকের জন্য টফির লাইব্রেরিতে রয়েছে বিশাল সংগ্রহ। দর্শকরা এখন দ্য বিকিপারের মতো হলিউডের অনবদ্য মুভি, টোকিও ভাইসের মতো প্রশংসিত সিরিজ, গোলমালের মতো বলিউডের হিট মুভি এবং আজাব প্রেম কি গাজব কাহানির মতো বিনোদনধর্মী কনটেন্ট উপভোগ করতে পারবেন। একইসঙ্গে, সাবস্ক্রাইবাররা প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোবস ও বিএএফটিএএস-এর মতো মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো দেখার সুযোগও পাবেন, যা তাদের বিনোদন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অনেক সময় আমাদের জন্য ব্যয়বহুল হয়ে যায়। বাংলাদেশের নিজস্ব ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে টফি এই প্রিমিয়াম কনটেন্টকে সবার জন্য সহজলভ্য করে তুলছে, যেন মাত্র এক ক্লিকে যেকোনো জায়গা থেকে বিনোদন উপভোগ করা যায়। লায়নসগেট প্লে’র সাথে আমাদের অংশীদারিত্ব বিশ্বমানের বিনোদনকে সাশ্রয়ী মূল্যে হাতের নাগালে নিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা ভবিষ্যতেও ব্যবহারকারীদের জন্য আরও সমৃদ্ধ কনটেন্ট যুক্ত করার পরিকল্পনা করছি।”
লায়নসগেট প্লে’র পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বৈভবী পারিখ বলেন, “বাংলাদেশে বিশ্বমানের স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে টফির সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। সাশ্রয়ী মূল্যে বলিউডের বাছাই করা চলচ্চিত্রসহ অনবদ্য আন্তর্জাতিক কনটেন্ট উপভোগ করার সুযোগ তৈরি করবে এই অংশীদারিত্ব। লায়নসগেট প্লে তাদের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং বাংলাদেশি দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের কনটেন্ট সরবরাহের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের জন্য বিনোদনের জগতে নতুন মাত্রা যোগ করছে টফি। লায়নসগেট প্লে’র আন্তর্জাতিক ও স্থানীয় কনটেন্ট সাশ্রয়ী মূল্যে সরবরাহের মাধ্যমে স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কাজ করছে এই অ্যাপ।
এমএইচএস

