‘হুজুর আমাকে বললেন, আসেন নিজ হাতে বাবাকে গোসল করান’
বাবার স্মৃতি নিয়ে রওনকের মর্মস্পর্শী পোস্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৮
বাবার স্মৃতি নিয়ে মর্মস্পর্শী পোস্ট দিয়েছেন অভিনেতা রওনক হাসান। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবার কফিনের সাথে তোলা ছবি পোস্ট করে রওনক লিখেছেন, ‘যতবারই ছবিটা দেখি, মনে হয় যেন শুটিংয়ের ছবি!’
অভিনেতা রওনক আরও লিখেছেন, ‘এমন কত দৃশ্যে অভিনয় করেছি জীবনে। সত্যি সত্যি এমন মুহূর্ত আসবে সেভাবে ভাবিনি কোনোদিন! ছবিটা ভগ্নিপতি পলাশ হঠাৎ একদিন ইনবক্সে পাঠালো।’
তিনি বলেন, ‘বাবাকে গোসল করাতে আল মারকাজুলে যখন নিয়ে গেলাম, সেখানকার হুজুর আমাকে ডেকে বললেন, আসেন নিজ হাতে বাবাকে গোসল করান। আর তো পাবেন না!’
‘আমি বাবাকে গোসল করালাম! সেই মুহূর্ত যখনই মনে পড়ে বাস্তব মনে হয় না আমার। বাবা! আব্বা! আব্বাগো!’
রওনক হাসান স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনি বলেন, ‘১৪ ফেব্রুয়ারি ২০২০-এ বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। দিনটার কথা মনে হলেই কী অদ্ভুত অনুভুতি হয়! বলে বোঝানো যায় না।’
সবাইকে বাবার যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘পৃথিবীর সকল বাবা যারা প্রয়াত হয়েছেন, তাদের সকলের আত্মার শান্তি হোক! যাদের বাবা বেঁচে আছেন, আপনারা তাদের যত্ন নিন!’
এমজে

