ছবি : সংগৃহীত
দেশের প্রায় ৮৩টি হলে চলছে ঢালিউড কিং শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। মুক্তির দিন থেকেই দরদ দেখতে হলে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। তবে বেশ কিছুদিন ধরেই মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকায় শাকিবকে দেখতে পাওয়া যায়নি কোথাও।
অবশেষে গত ১৮ নভেম্বর দেশে ফিরেছেন জনপ্রিয় এ নায়ক। দেশে ফিরে জানান, তিনি সিনেমা হলে খুব একটা সিনেমা দেখেন না। কারণ, সবাই সিনেমা বাদ দিয়ে নায়ককেই দেখেন। তবে দরদের বেলায় অন্যরকম সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শাকিব জানান, ছবিটি তিনি হলে বসে দেখবেন। এমনটি সচরাচর না করলেও এবার সিনেমা দেখার আয়োজন বড় পরিসরেই করতে যাচ্ছেন ঢালিউডের খান।
জানা গেছে, শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের সৌজন্যে 'দরদ'র একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কিনে ফেলা হয়েছে। অর্থাৎ, একই সময়ে পাশাপাশি তিন হলে চলবে ‘দরদ’। দেখবেন শাকিব খান ও তার সহকর্মীরা।
বেশ উৎসাহ নিয়ে দর্শক 'দরদ' দেখতে যাচ্ছেন। এ কারণে কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব বলেন, ‘‘প্রথমদিন থেকে 'দরদ' দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও 'দরদ' ভরা ভালোবাসা।’’
এফএটি/এসবি/এইচকে

