Logo

প্রবাস

ডেলাইট সেভিং টাইম নিয়ে মার্কিন সিনেটে শুনানি

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:২৮

অ
ডেলাইট সেভিং টাইম নিয়ে মার্কিন সিনেটে শুনানি

যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইম স্থায়ী করার বিষয়টি নিয়ে ফের সরব হয়েছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিনেটের কমার্স সায়েন্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন কমিটিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সিনেট কমিটির চেয়ারম্যান টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ এক বিবৃতিতে বলেন, ‘ঘড়ি পরিবর্তনের এই পুরোনো প্রথা আমেরিকানদের ব্যবসা, স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলে। বিশেষ করে যাদের ছোট সন্তান রয়েছে তারা বেশি প্রভাবিত হন।’

তিনি জানান, দুই দলের সদস্যরাই অতীতে ঘড়ি স্থির রাখার প্রস্তাবকে সমর্থন করেছেন।

প্রসঙ্গত, চলতি বছর মার্চে যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইম চালু হওয়ার পর বেশিভাগ নাগরিকের মূল্যবান এক ঘণ্টা ঘুম হারিয়ে যায়।

শুনানিতে  উপস্থিত থাকবেন,  ইনস্যুরেন্স ইনস্টিটিউট ফর হাইওয়ে সেফটি, আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন, ন্যাশনাল গলফ কোর্স ওনার্স অ্যাসোসিয়েশন এবং ‘লক দ্য ক্লক মুভমেন্ট’-এর প্রতিনিধিরা।

যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইম প্রথম চালু হয় ১৯১৮ সালে, প্রথম বিশ্বযুদ্ধের সময়। এক বছর পর তা বাতিল করা হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালে আবার চালু হয়। ১৯৬৬ সালে এটিকে নিয়মিত রূপ দেওয়া হয়। তবে ১৯৭৪ সালে শীতকালে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র আবার বছরে দুইবার সময় পরিবর্তনের নিয়মে ফিরে আসে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন