Logo

প্রবাস

নিউইয়র্কে কনস্যুলেট ভবনে ‘মতবিনিময় সভা’ ঘিরে সমালোচনার ঝড়

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৩:৫৭

অ
নিউইয়র্কে কনস্যুলেট ভবনে ‘মতবিনিময় সভা’ ঘিরে সমালোচনার ঝড়

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ভবনে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভা ঘিরে দেশি-বিদেশি কূটনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর নেতৃত্বে গত শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত এ সভাটি বিএনপির কর্মীসভা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সভাটি কনস্যুলেটের নিজস্ব কোনো কর্মসূচি ছিল না। কনস্যুলেটের আমন্ত্রণপত্রেও বিষয়টি স্পষ্ট ছিল। সেখানে লেখা ছিল, ‘মান্যবর রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল (আনসারী)-র পক্ষে’। তবে অনেকে হয়ত এটিকে কনস্যুলেটের উদ্যোগ হিসেবে ধরে নিয়েছেন।

নিউ ইয়র্ক কনস্যুলেটের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি আমাদের আয়োজন ছিল না, রাষ্ট্রদূতের পক্ষ থেকেই আমন্ত্রণ জানানো হয়।’

আলোচিত এই সভা সম্পর্কে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা প্রেস একটি প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি আরও আলোচনায় আসে। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতিমালা ও রাষ্ট্রদূতের আচরণবিধি লঙ্ঘন করে কনস্যুলেট ভবনে ওই সভার আয়োজন করা হয়। কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার সহায়তায় এটি সম্ভব হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আমন্ত্রণপত্র ফোন ও খুদে বার্তার মাধ্যমে বেছে বেছে বিএনপিপন্থী নেতা-কর্মীদের পাঠানো হয়। সভায় অংশগ্রহণকারীদের অনেকেই যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

এদিকে, কনস্যুলেট ভবনে অনুষ্ঠিত সভার বিষয়ে কনসাল জেনারেল এখন পর্যন্ত কোনো প্রেস বিজ্ঞপ্তি দেননি। এমনকি রাষ্ট্রদূতের সফর সংক্রান্ত কোনো তথ্য কনস্যুলেটের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়নি, যা সাধারণত নিয়মিতভাবে করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল (আনসারী) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই নিউ ইয়র্কস্থ কনস্যুলেট জেনারেলের কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে মতবিনিময়ের নামে দলীয় কর্মসূচি পরিচালনা করেন।

এ নিয়ে জানতে চাইলে কনসাল জেনারেল নাজমুল হুদা ‘নো কমেন্টস’ বলে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত আনসারীকেও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সুনির্দিষ্ট কোনো জবাব না দিয়ে জানান, ‘আমি এখন কম্বোডিয়ায়, কাজে ব্যস্ত।’

প্রসঙ্গত, সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী কূটনৈতিক পেশাজীবী নন। ব্যক্তিগতভাবে প্রভাব খাটিয়ে ২০২৫ সালের ২৭ জানুয়ারি তাঁকে মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়।

রাষ্ট্রদূতের এই কর্মকাণ্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালার বাইরে বলে কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন। একজন প্রবাসী কূটনীতিক বলেন, ‘জাতীয় দলের কর্মসূচি রাষ্ট্রীয় ভবনে করা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বিশেষ করে তিনি যেহেতু যুক্তরাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত নন, তার এই সফর আগে থেকে অনুমোদিত হওয়া উচিত ছিল।’

এ ঘটনার পর নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ বিষয়ে ব্যাপক গুঞ্জন চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশি কূটনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন উঠেছে।

কৌশলী ইমা/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন