দুবাইয়ে বাংলানেক্সট’র আয়োজনে ‘মাটির টানে রঙের বৈশাখ’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৯
ছবি : বাংলাদেশের খবর
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলানেক্সট’র জমকালো আয়োজন ‘মাটির টানে রঙের বৈশাখ’।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের সন্ধ্যায় ‘সেভেন সিস’ পাঁচ তারকা হোটেলে বিশেষ এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলানেক্সট’র প্রতিষ্ঠাতা সভাপতি আরাব খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আলী আকবর আশা, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্যগণ এবং গণ্যমান্য অতিথি ও মিডিয়া ব্যক্তিত্বরা।
ইভেন্টে বৈশাখী খাবার, আন্তর্জাতিক বুফে, লোকনৃত্য ও সংগীত, সম্মাননা প্রদান, সরাসরি আলাপচারিতা এবং সাংস্কৃতিক পরিবেশনায় ছিল এক উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠান শেষে কমিউনিটির পক্ষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি আরাব খান, সহসভাপতি শেখ রায়হান আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মো. আলী আকবর আশাসহ অন্যান্য সদস্যরা নির্বাচিত হন।
বিশেষ ঘোষণা হিসেবে, অনুষ্ঠানে উদ্বোধন করা হয় ‘১০ লাখ স্বেচ্ছাসেবক’ গ্লোবাল ক্যাম্পেইন। এর লক্ষ্য, সারা বিশ্বে ১০ লাখ সচেতন স্বেচ্ছাসেবক তৈরি করে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনে অবদান রাখা।
বাংলানেক্সট’র মূল উদ্দেশ্য হলো, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শক্তিশালী কমিউনিটি গঠন এবং তাদের সমৃদ্ধি ও উন্নয়নে কাজ করা। এটি জাতিসংঘের SDG লক্ষ্যগুলোর সাথে সম্পর্কিত এবং এটি প্রবাসী ও স্বদেশের মধ্যে বৈষম্য কমাতে সাহায্য করবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং সকলে সম্মিলিতভাবে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ ও বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এটি একটি ইতিবাচক সাড়া ফেলবে এবং সাফল্যের সাথে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এআরএস

