টরেন্টোতে বাংলা ভাষার প্রচারক অধ্যাপক মহাদেব চক্রবর্তীর মৃত্যু
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫, ১০:০২
কানাডার টরেন্টোতে বাংলা ভাষার প্রচারক অধ্যাপক ড. মহাদেব চক্রবর্তী মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (২১ মে) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৮ বছর।
রাজশাহীর সন্তান ড. চক্রবর্তী পেশায় পদার্থবিজ্ঞানের শিক্ষক হলেও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ছিল তার গভীর ভালোবাসা। তিনি বলতেন, ‘আমি পদার্থবিজ্ঞান পড়াই, কিন্তু আমার আত্মার ভাষা বাংলা।’ মৃত্যুর আগ পর্যন্ত বাংলা ভাষার জন্য কাজ করে গেছেন তিনি।
১৯৬৩ সালে কানাডায় শিক্ষকতা পেশা নিয়ে যাত্রা শুরু করেন এই অধ্যাপক। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে থাকলেও কখনো কানাডার নাগরিকত্ব গ্রহণ করেননি। হৃদয়ে বাংলাদেশ ও বাংলা ভাষাকেই স্থান দিয়েছেন তিনি।
বাংলা ভাষাকে টরেন্টো বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির মর্যাদায় প্রতিষ্ঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উদ্যোগেই সেখানে বাংলা স্টাডিজ চালু হয়। পাশাপাশি বাংলা ভাষা শিক্ষার প্রসারে তিনি এককালীন ৩ লাখ ৫০ হাজার কানাডিয়ান ডলার অনুদান দেন। এই অর্থে চালু করা হয় ‘দীপ্তি চক্রবর্তী বৃত্তি’, যা তার প্রয়াত স্ত্রীর নামে প্রতিষ্ঠিত।
বাংলা ভাষার নিবেদিত প্রাণ এই অধ্যাপকের মৃত্যুতে প্রবাসী বাঙালি সমাজে শোকের ছায়া নেমে এসেছে। ভাষা ও সংস্কৃতির জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন।
- নুসরাত লায়লা/এটিআর

