কানাডায় শিশুদের জন্য কৃত্রিম ও আবেগীয় বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা সম্পন্ন
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫০
ছবি : বাংলাদেশের খবর
কানাডার ক্যালগেরির ফিশ ক্রিক পাবলিক লাইব্রেরিতে শিশু-কিশোরদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আবেগীয় বুদ্ধিমত্তা বিষয়ক ইন্টারঅ্যাক্টিভ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ক্রিয়েটিভ থিংকিং স্কুল’ আয়োজিত এই বিশেষ কর্মশালার মূল লক্ষ্য ছিল শিশুদের এআই প্রযুক্তি এবং আবেগের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষিত করা।
‘নিওরো ক্রিয়েটর : এআই-পাওয়ারড ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়ার্কশপ ফর চিলড্রেন’ শিরোনামে কর্মশালায় ৬ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণ করে। তারা শিখেছে কীভাবে সৃজনশীল ভাবনা ও আবেগ প্রকাশের মাধ্যমে নিজেদের অনুভূতি বোঝানো যায়। শিল্প ও রঙের মাধ্যমে আবেগের বহিঃপ্রকাশ এবং নিজস্ব এআই বন্ধু চরিত্র তৈরি করা— যেমন সুপারহিরো, ড্রাগন বা রোবট— এর মাধ্যমে শিশুদের আবেগীয় ও প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।
কর্মশালার মূল বিষয়বস্তু ছিল আগুনের উপমা ব্যবহার করে এআই বোঝানো। এতে শিশুদের শেখানো হয়েছে কিভাবে এআই ভালো বা খারাপ বন্ধু হতে পারে। আবেগ রঙ কোড সিস্টেমের মাধ্যমে খুশি, রাগ, দুঃখের মতো আবেগ বোঝানোর জন্য নির্দিষ্ট রঙ ব্যবহার করা হয়েছে।
কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মো. সাকিব উল্লাহ সৌরভ শিশু-কিশোরদের জন্য উদ্ভাবনী এই শিক্ষামূলক কর্মশালা পরিচালনা করেছেন। তিনি বলেন, ‘প্রযুক্তি এবং আবেগ— উভয়কেই সঠিকভাবে ব্যবহার করতে পারলে শিশুরা আরও সৃজনশীল ও মননশীল হতে পারে।’
কর্মশালার মাধ্যমে শিশুদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তির সুবিধা ও ক্ষতির সচেতনতা বৃদ্ধি এবং আবেগীয় প্রকাশের দক্ষতা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
এমএইচএস

