Logo

প্রবাস

ইসিইউ গিল্ড মেলায় এক টুকরো বাংলাদেশ : বিএসএ ইসিইউ’র বর্ণিল আয়োজন

Icon

প্রবাস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ২০:৩৪

ইসিইউ গিল্ড মেলায় এক টুকরো বাংলাদেশ : বিএসএ ইসিইউ’র বর্ণিল আয়োজন

এডিথ কাউয়ান ইউনিভার্সিটিতে (ইসিইউ) অনুষ্ঠিত সাম্প্রতিক গিল্ড মেলায় বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) ইসিইউ গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। প্রবাসে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য তাদের স্টল যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।

স্টলটি সাজানো হয় ফাল্গুন থিমে। চারপাশে ছিল বসন্তের আগমনের প্রতীক উজ্জ্বল হলুদ ফুল। অস্ট্রেলিয়ায় পড়তে আসা নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় ঐতিহ্যবাহী মিষ্টি, আন্তরিক আলাপচারিতা এবং আপন করে নেওয়ার বার্তায়। অনেকের জন্য এটি ছিল অস্ট্রেলিয়ায় প্রথম কোনো সাংস্কৃতিক অভিজ্ঞতা, যা তাদের দেশের বাড়ির জন্য মন-কেমন-করা অনুভূতিতে সান্ত্বনার পরশ দেওয়ার পাশাপাশি নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার সাহস জুগিয়েছে।

মেলায় বিএসএ ইসিইউ’র স্টলটি শুধু বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে স্টলটি পরিদর্শন করেন। তারা বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, বর্ণিল উৎসব এবং কমিউনিটি-ভিত্তিক সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান। এর মাধ্যমে তৈরি হয় আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার এক সুন্দর পরিবেশ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবরার চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ায় আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা গর্বের বিষয়। একই সঙ্গে নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এখানে একটি ওয়েলকামিং পরিবেশ তৈরি করাই আমাদের প্রথম অগ্রাধিকার।

ঐক্য, সংস্কৃতি ও সহমর্মিতার বার্তা নিয়ে বিএসএ ইসিইউ প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গড়ে তুলছে সত্যিকারের এক ‘প্রবাসে নিজের ঘর’।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কানাডা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর