Logo

প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৭:০৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দুই ভাই নিহত হয়েছেন বলে খবর দিয়েছে তাদের পরিবার।

নিহতরা হলেন- উপজেলার গণিপুর গ্রামের খলিফা বাড়ির ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১)।

আব্দুল মালেক বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের বলেন, দুই ছেলের সহকর্মীদের মাধ্যমে তাদের মৃত্যুর সংবাদ পেয়েছেন। বুধবার বাংলাদেশ সময় গভীর রাত ২টার দিকে প্রাইভেট কারে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে তারা সড়ক দুর্ঘটনায় নিহত হন।

দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন তাদের মা-বাবাসহ পরিবারের সদস্যরা।

আব্দুল মালেক বলেন, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করত। তারা দুজনই রিয়াদ শহরে মালামাল কিনতে গিয়েছিল। ওই মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেট কারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সজীব ও সুজন মারা যায়।

আব্দুল মালেক বলেন, আমার দুই ছেলে একসঙ্গে মারা গেছে। সবাই তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন