Logo

প্রবাস

নাপোলিতে ইতালিয়ান ভাষার এ২-বি১ পরীক্ষা সম্পন্ন

Icon

ইতালি প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ২১:৩১

অ
নাপোলিতে ইতালিয়ান ভাষার এ২-বি১ পরীক্ষা সম্পন্ন

ইতালির নাপোলিতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইতালিয়ান ভাষার এ২ ও বি১ লেভেলের পরীক্ষা। ‘নাপোলি বাংলা এজেন্সি’র বিশেষ উদ্যোগে গত ১৫ অক্টোবর নাপোলির পোজ্জা মারিনো এলাকায় এই পরীক্ষা সম্পন্ন হয়।

এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরীক্ষার সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন শাহিন মিয়া। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংস্থার অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

ইতালিতে বসবাসরত অভিবাসীদের জন্য ইতালিয়ান ভাষার এ২ ও বি১ সার্টিফিকেট অত্যন্ত জরুরি। দেশটির স্থায়ী নাগরিকত্ব (সিটিজেনশিপ), দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট, স্থায়ী কর্মসংস্থান এবং বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে এই ভাষাগত যোগ্যতা বাধ্যতামূলক। ফলে ভাষাগত দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধভাবে স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত করতে প্রবাসী বাংলাদেশিরা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আয়োজক সূত্রে জানা যায়, ভাষাগত জটিলতার কারণে বহু প্রবাসী বাংলাদেশি এখনো নানা সরকারি সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সেই বাস্তবতাকে সামনে রেখেই প্রবাসীদের ভাষা শিক্ষা, আইনি সহায়তা ও প্রশাসনিক জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছে নাপোলি বাংলা এজেন্সি।

প্রবাসীদের যাতায়াত ও সময়ের সুবিধার কথা বিবেচনা করে সংস্থাটি ইতালির বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে এই পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে, যাতে নিজ নিজ শহরের কাছাকাছি থেকেই প্রবাসীরা সহজে পরীক্ষায় অংশ নিতে পারেন। এর ফলে একদিকে যেমন প্রবাসীদের বৈধ প্রক্রিয়া সহজ হচ্ছে, অন্যদিকে সচেতনতা ও আইনগত দিকনির্দেশনা দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন