Logo

প্রবাস

ঢাকায় নাট্য উৎসব বন্ধের প্রতিবাদ টরন্টোর সংস্কৃতিকর্মীদের

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩

অ
ঢাকায় নাট্য উৎসব বন্ধের প্রতিবাদ টরন্টোর সংস্কৃতিকর্মীদের

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ মহিলা সমিতি মঞ্চে অনুষ্ঠিতব্য ‘ঢাকা মহানগর নাট্য উৎসব ২০২৫’ মবক্রেসি দ্বারা আক্রান্ত হওয়ার পর বন্ধ হয়ে যাওয়ার খবরে টরন্টোতে বসবাসকারী নাট্য ও সাংস্কৃতিক কর্মীরা গভীরভাবে মর্মাহত হয়েছেন। তারা এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত সকল ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন।

বিবৃতিতে নাট্য কর্মীরা জানিয়েছেন, গত ছয় মাস ধরে একটি দুষ্টচক্র বাংলাদেশে নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আঘাত করে আসছে। এই চক্রটি বাঙালি সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে। তারা এও উল্লেখ করেছেন যে, থিয়েটার ও উগ্র মৌলবাদ, ধর্মান্ধতা, কুসংস্কার বা সাম্প্রদায়িকতা একসাথে চলতে পারে না।

বিবৃতিতে বলা হয়, যেসব শক্তি কোটা আন্দোলনের ধোঁয়া তুলে ছাত্রদের বিভ্রান্ত করে দেশের চরম বিশৃঙ্খলতার সুযোগ নিয়েছে এবং রাষ্ট্রক্ষমতা দখল করেছে, তারা মূলত মৌলবাদী এবং একাত্তরের পরাজিত শক্তি। এর ফলে, গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, যার মধ্যে নাট্য উৎসব, লালন উৎসব, বসন্ত উৎসব, ভ্যালেন্টাইন দিবস, বইমেলায় বিক্রিত বইসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত।

টরন্টোর নাট্য ও সাংস্কৃতিক কর্মীরা এই পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, তাদের দাবি অবিলম্বে ‘ঢাকা নাট্য উৎসব ২০২৫’ পুনরায় শুরু করা এবং দেশের অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড যথাযথভাবে উদযাপন করা। তারা আরও দাবি করেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

এই বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন মাহমুদুল ইসলাম সেলিম, আহমেদ হোসেন, হিমাদ্রী রয়, হাবিবুল্লাহ দুলাল, শিবু চৌধুরী, দেলওয়ার এলাহী, সালমা বাণী, সেলিম শামসুল হুদা চৌধুরী, বাবলু হক, শিপ্রা চৌধুরী, সাবিনা বারী লাকি, শ্যামল বসাক, হোসনে আরা জেমী, নাহিদ কবীর কাকলী, এলিনা মিতা, শাপলা শালুক, আরিয়ান হক, রুবিনা চৌধুরী এবং অনুপ সেনগুপ্ত।

এলএন/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন