Logo

ফিচার

শীতকালেই কেন বেশি বিয়ে হয়?

Icon

ফিচার ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১৪:২৮

অ
শীতকালেই কেন বেশি বিয়ে হয়?

ছবি : সংগৃহীত

শীত এলেই বাংলাদেশে বিয়ের হিড়িক পড়ে। পাড়া-গাঁও থেকে শুরু করে শহরাঞ্চল— সবখানেই এই মৌসুমে বছরের অন্য সময়ের তুলনায় বিয়ের আয়োজন বেশি দেখা যায়। শীত মৌসুমে দুই-চারটা বিয়ের দাওয়াত পান না, দেশে এমন মানুষের সংখ্যা খুবই কম। শীতকে তাই অনেকে বিয়ের মৌসুম বলেও আখ্যায়িত করেন। তবে কখনো কি আপনি ভেবে দেখেছেন, শীতকাল এলেই কেন বিয়ের ধুম পড়ে যায়? নিশ্চয়ই এর নেপথ্যে অনেক কারণ রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক—

১. শীতে সবাই ছুটির আনন্দে থাকে। এই সময়ে বিভিন্ন উৎসব ও আয়োজনে পরিবার, বন্ধুবান্ধবসহ সবাইকে একসঙ্গে পাওয়া যায়। তাই শীতকে কেন্দ্র করে বিয়ের দিনতারিখ ঠিক করেন অনেকে।

২. বিয়ের মেকআপ থেকে শুরু করে বিয়েবাড়ির খাওয়া-দাওয়াÑ শীতকালে সবটাই ভীষণ স্বস্তিদায়ক। বিয়েতে কনের সাজগোজ আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে থাকে। কনে কী বেনারসী পরেছেন, কেমন রূপটান করেছেন, সবটাই অত্যন্ত কৌতূহলের একটি বিষয়। ফলে কনের সাজগোজ ঠিক থাকা জরুরি। আর গরমের তুলনায় শীতে রূপটান দীর্ঘস্থায়ী হয়।

৩. বিয়ে মানেই জম্পেশ খাওয়া-দাওয়া। বিয়েবাড়ির খাবার হয় তেল-ঝাল ও মসলাযুক্ত। গরমকালে এসব খাবার শরীরে বেশি প্রভাব ফেলে। তাই শীতকালে বিয়ে করলে এ ধরনের খাবার খাওয়া যায় নিশ্চিন্তে।

৪. শীতকালে বিয়ে করলে বিদ্যুতের খরচ খানিকটা হলেও কমানো যায়। কারণ শীতে ফ্যান বা এসির ঝামেলা থাকে না। তাছাড়া অতিরিক্ত খাবার নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা কমে।

৫. শীতে গাঁদা, ডালিয়া ও গোলাপসহ বাহারি ফুলের দেখা মেলে। এ কারণে সহজলভ্যেই মেলে এসব ফুল। এসময় বিয়ের ডেকোরেশনে ফুলের খরচও একটু কমে। 

এসব কারণেই শীতকে বিয়ের উপযুক্ত সময় হিসেবে বেছে নেওয়া হয়।

এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন