বেতন পরিশোধের আশ্বাস
কিডনি হাসপাতালে ফের ডায়ালাইসিস শুরু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৭:২১
ছবি : বাংলাদেশের খবর
বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে ফের কিডনি রোগীর ডায়ালাইসিস সেবা শুরু করেছে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের ভারতীয় কোম্পানি স্যানডোর ডায়ালাইসিস সার্ভিসেস কর্মীরা।
মঙ্গলবার (২৭ মে) বিকালে স্যানডোর সার্ভিস ম্যানেজার নিয়াজ খান বাংলাদেশের খবরকে বলেন, গত তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে। তাই বকেয়া টাকা আদায়ে স্যানডোরে কর্মরত চিকিৎসক-নার্সসহ অন্যান্য সেবাকর্মীরা সেবা কার্যক্রম বন্ধের এমন সিদ্ধান্ত নিয়েছিল। হাসপাতাল পরিচালক আমাদের আশ্বাস দিয়েছেন ১ জুন তারিখের মধ্যে আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। আমরা হাসপাতাল পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বকেয়া বেতনের দাবিতে ডায়ালাইসিস সেবা বন্ধ রাখে প্রতিষ্ঠানটির কর্মীরা। একই দাবিতে গতকাল সোমবারও ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা।
এতে সেবা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েন।
উল্লেখ্য,২০১৬ সাল থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে রাজধানীর জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ডায়ালাইসিস সেন্টার পরিচালনা করে আসছে ভারতীয় কোম্পানি স্যানডোর ডায়ালাইসিস সার্ভিসেস।ঢাকা ও চট্টগ্রামের দুটি হাসপাতালে সেবা দিচ্ছে স্যানডোর। মোট ডায়ালাইসিসের ১০ শতাংশ করে তারা। শুধুমাত্র জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন দেড় শতাধিক কিডনি রোগী ডায়ালাইসিস সেবা নিয়ে থাকেন।
এসআইবি/এমআই

