Logo

স্বাস্থ্য

প্রমাণভিত্তিক চিকিৎসা রোগীর খরচ ও মৃত্যুহার কমাবে : বিএমইউ ভিসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৫

প্রমাণভিত্তিক চিকিৎসা রোগীর খরচ ও মৃত্যুহার কমাবে : বিএমইউ ভিসি

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার (ইভিডেন্স বেইজড মেডিসিন) চর্চা চিকিৎসা ব্যয় কমানোর পাশাপাশি রোগীর মৃত্যুহারও কমাতে ভূমিকা রাখবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আইকিউএসির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক শাহিনুল আলম আরও বলেন, চিকিৎসক সমাজ প্রমাণভিত্তিক চিকিৎসায় উৎসাহিত হলে একই রোগীর ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসকের প্রেসক্রিপশনে ওষুধ ও ইনভেস্টিগেশনের ভিন্নতা কমে আসবে। এতে রোগীর খরচ সাশ্রয় হবে। ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ক প্রশিক্ষণ মেডিকেল ও ক্লিনিক্যাল অডিটসহ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা চর্চায় বড় ভূমিকা রাখবে।

কর্মশালায় জানানো হয়, বিএমইউর আইকিউএসি উদ্যোগে ইতিমধ্যে ৩৪টি বিভাগের ১৭০ জন শিক্ষক ও চিকিৎসককে প্রমাণভিত্তিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবারের কর্মশালায় ৮টি বিভাগের ২৯ জন চিকিৎসক ও শিক্ষক অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, ইভিডেন্স বেইজড মেডিসিনের প্রশিক্ষণ চিকিৎসকদের নিজেকে প্রস্তুত করা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ এনে দিয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্যখাতের মানোন্নয়ন সম্ভব হবে।

  • এসআইবি/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন