ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৬
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশে মৃত্যুর ১০টি প্রধান কারণের মধ্যে চারটিই ফুসফুস ও শ্বাসতন্ত্র-সংক্রান্ত, যার অন্যতম কারণ তামাক। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পুরুষ রোগীদের প্রায় ৮০ শতাংশই ধূমপায়ী। ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত কার্যকর করা জরুরি—বিশ্ব ফুসফুস দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে এ আহ্বান জানান বিশেষজ্ঞরা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন’ শীর্ষক ওয়েবিনারে ক্যানসার ও বক্ষব্যাধি চিকিৎসক, জনস্বাস্থ্যবিদ, সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশ নেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘হেলদি লাংস, হেলদি লাইফ’।
ওয়েবিনারে জানানো হয়, তামাক ব্যবহার ও পরোক্ষ ধূমপান ফুসফুস ক্যানসার, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিস (সিওপিডি), যক্ষ্মা ও হাঁপানির মতো প্রাণঘাতী রোগের অন্যতম কারণ। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুযায়ী, দেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ (৩৫.৩ শতাংশ) তামাক ব্যবহার করে। কর্মক্ষেত্রে প্রায় ৮১ লাখ মানুষ এবং গণপরিবহনে আড়াই কোটি মানুষ নিয়মিত পরোক্ষ ধূমপানের শিকার হন। তামাক ব্যবহারজনিত অসুখে প্রতিবছর ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়।
আলোচকরা বলেন, বাংলাদেশে অসংক্রামক রোগে মৃত্যুর ৪০ শতাংশের বেশি ফুসফুস ও হৃদরোগের কারণে হয়। এসব কমানোর অন্যতম কার্যকর উপায় হলো শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
ওয়েবিনারে বক্তারা মনে করিয়ে দেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২১ সালে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিলেও খসড়াটি এখনো চূড়ান্ত হয়নি। দ্রুততম সময়ে সংশোধনী পাসের দাবি জানান তারা।
বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, ‘ফুসফুসসহ সব ধরনের ক্যানসারে চিকিৎসা ব্যয় ও মৃত্যুহার অনেক বেশি। নীতিনির্ধারকদের কাছে এই অসুস্থ মানুষের আর্তনাদ পৌঁছাতে হবে।’
বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব ডা. আসিফ মুজতবা মাহমুদ বলেন, ‘ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে হলে তামাক ব্যবহার নিয়ন্ত্রণ ছাড়া বিকল্প নেই।’
ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ বলেন, ‘নীতিনির্ধারকরা কেন তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করবেন, তা বোঝাতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
স্পটলাইটনিউজ২৪.কমের সম্পাদক মোর্শেদ নোমান বলেন, ‘তামাক নিয়ন্ত্রণ নীতি প্রণয়নে গণমাধ্যম সব সময় ইতিবাচক ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
ওয়েবিনারের সভাপতিত্ব করেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির ডিজিটাল মিডিয়া প্রধান মেহেদী হাসান এবং মূল উপস্থাপনা তুলে ধরেন কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার।
ওয়েবিনারে গণমাধ্যমকর্মী, তামাকবিরোধী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এসআইবি/এএ

