Logo

স্বাস্থ্য

তিন ধাপে পরীক্ষা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকদের ক্যারিয়ার গড়ার পথ

Icon

ডা. বি এম আতিকুজ্জামান

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ২৩:০৮

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকদের ক্যারিয়ার গড়ার পথ

যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশায় ক্যারিয়ার গড়ার আগ্রহ দিন দিন বাড়ছে বাংলাদেশের তরুণ চিকিৎসকদের মধ্যে। বিশেষ করে যারা মেডিক্যাল কলেজে অধ্যয়নরত, ইন্টার্নশিপ করছেন বা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন- তাদের জন্য এখনই আমেরিকার চিকিৎসা লাইসেন্সিং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশায় প্রবেশের জন্য মূলত তিন ধাপের একটি পরীক্ষা দিতে হয়। এটি হলো ইউনাইটেড স্টেটস মেডিক্যাল লাইসেন্সিং এক্সামিনেশন (USMLE)। পরীক্ষার তিনটি ধাপ হলো- স্টেপ-১, স্টেপ-২ এবং স্টেপ-৩। এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হলে চিকিৎসকেরা যুক্তরাষ্ট্রে রেসিডেন্সি প্রোগ্রামে আবেদন করার সুযোগ পান।

সংশ্লিষ্টদের মতে, বিদেশি মেডিক্যাল গ্র্যাজুয়েটদের সার্টিফিকেশন ব্যবস্থাপনায় চলতি বছর কিছু পরিবর্তন এলেও পরীক্ষার কাঠামো ও প্রস্তুতিপদ্ধতি মূলত আগের মতোই রয়েছে। বর্তমানে ইউএসএমএলই পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইনে বিভিন্ন রিসোর্স ও গাইডলাইন পাওয়া যাচ্ছে, যা শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করছে।

এ ছাড়া নতুনদের সহায়তার জন্য ‘রোড টু রেসিডেন্সি’ নামে একটি উদ্যোগ কাজ করছে। প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (PHA)-এর সহযোগিতায় পরিচালিত এ প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রে পরীক্ষায় উত্তীর্ণ ও রেসিডেন্সিতে থাকা তরুণ বাংলাদেশি চিকিৎসকেরা আগ্রহীদের গাইড করেন। এখানে ইউএসএমএলই পরীক্ষা, প্রশিক্ষণ ও মেন্টরিংসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে ক্লিনিক্যাল রোটেশন করতে আগ্রহীদের ক্ষেত্রে সাধারণত স্টেপ-১ ও স্টেপ-২ পাস করা প্রয়োজন হয়। রোড টু রেসিডেন্সি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা রেসিডেন্সি অ্যাপ্লিকেশন, কোন প্রোগ্রামে আবেদন করা উচিত, ইন্টারভিউ প্রস্তুতি এবং ম্যাচিং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা পেতে পারেন।

তবে অনেক বছর আগে গ্র্যাজুয়েশন করা চিকিৎসকদের জন্য রেসিডেন্সিতে প্রবেশ কিছুটা কঠিন হলেও অসম্ভব নয়। যারা দীর্ঘদিন জেনারেল প্র্যাকটিস, ফ্যামিলি মেডিসিন বা এমআরসিপি/এফসিপিএস বা এমডি সম্পন্ন করেছেন, তাদের জন্যও বিশেষ কিছু পথ রয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ পাওয়া যায়, বিশেষ করে ফেডারালি ফান্ডেড প্রতিষ্ঠান বা ভেটেরান্স অ্যাফেয়ার্স (VA) প্রোগ্রামের মাধ্যমে।

অন্যদিকে যারা দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রে এসে সরাসরি চিকিৎসক হিসেবে কাজ শুরু করতে চান, তাদের জন্য বিকল্প স্বাস্থ্য পেশার সুযোগও রয়েছে। যেমন- ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট (PA), রেসপিরেটরি থেরাপিস্ট বা নার্সিংসহ বিভিন্ন স্বাস্থ্যসম্পর্কিত কোর্স। এসব কোর্স সম্পন্ন করলে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সুযোগ তুলনামূলক সহজ হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লেখক: পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার কলেজ অব মেডিসিন।

বিকেপি/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর