Logo

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ জেলায় ৫ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১৫:৪৮

হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ জেলায় ৫ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

দেশে হামের ভয়াবহতা বেড়েই চলেছে। হাসপাতালে হাম নিয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। জ্বর, সর্দি, কাশি, র‍্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। হামের উপসর্গ নিয়ে একদিনেই পাঁচ জেলায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। 

ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ৭৫ রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৯ জন। আর মৃত্যু হয়েছে ১ শিশুর।

কুষ্টিয়ার ভাদালিয়া এলাকার আলামিন ও অন্তরা দম্পতির একমাত্র সন্তান আফরান। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৮ দিন ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল আট মাস বয়সী শিশুটি। আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে শিশু ইউনিট-২ এর হাম ওয়ার্ডের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে এক শিশুর। চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় শিশু মাসুদাকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তির জন্য হাসপাতালের ওয়ার্ডে পাঠানো হয়। তবে ওয়ার্ডে পৌঁছানোর আগেই মারা যায় শিশুটি।

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাসের শিশু সাফার মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে হামের হট স্পট হয়ে উঠেছে গোপালগঞ্জ। এরই মধ্যে ৪৩ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন। লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৩৩ জন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন