Logo

স্বাস্থ্য

আদ্-দ্বীনের চিকিৎসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান গণস্বাস্থ্যের

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৭:৫৭

আদ্-দ্বীনের চিকিৎসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান গণস্বাস্থ্যের

সংগৃহীত

আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় স্বল্প ও সীমিত আয়ের মানুষ সাশ্রয়ী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে হাসপাতালটির প্রতি সংহতি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। একই সঙ্গে আইনসিদ্ধ উপায়ে দ্রুত হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন শিরীন পারভিন হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ সংহতি ও আহ্বানের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, আদ্‌-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে সীমিত ও নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে লাখো দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের মতে, সম্প্রতি হাসপাতালটিতে সংঘটিত একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করার সরকারি সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে এ সিদ্ধান্তকে সুবিবেচিত নয় বলেও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত আদ্‌-দ্বীন হাসপাতালের এই কঠিন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের পাশে রয়েছে। চলমান অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষ প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্র মনে করে, সীমিত আয়ের মানুষের জন্য রোগীবান্ধব একটি প্রতিষ্ঠান হিসেবে আদ্‌-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম দ্রুত পুনরায় চালু হওয়া প্রয়োজন। একই সঙ্গে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবার ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন