Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে ২ মৃত্যু, হাম উপসর্গে এক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ২০:২১

ডেঙ্গুতে ২ মৃত্যু, হাম উপসর্গে এক

ছবি: সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু এবং ১১৩ জনের হাম শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

ডেঙ্গু বিষয়ে বার্তায় বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। তাদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে এবং দুজনই নারী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া, এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৬৫০ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৮০০ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮২৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯৬ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগে। মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ২৭ জনের মধ্যে নারী ১৫ জন বা ৫৫ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ১২ জন বা ৪৪ দশমিক ৪ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ছয়, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে পাঁচ ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে ময়মনসিংহে পাঁচ, চট্টগ্রামে চার, খুলনায় তিন, বরিশালে দুই ও রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, শনাক্ত ১১৩: দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে একজনের মৃত্যু এবং ১১৩ জনের হাম শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে, তিনি সিলেট বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তার পর থেকে গত প্রায় চার মাসে সারা দেশে হামে আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে তারা। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯১ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৩, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ৮৯৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৫৬ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩০৬ জন, রাজশাহীতে ৩৬, সিলেটে ৬২, চট্টগ্রামে ২২২, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১২ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৫ হাজার ১৫৬। যার মধ্যে ৯১ হাজার ৪৮৩ জন হাসপাতাল ছেড়েছেন।

সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৩৭৬। আর হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ৬১৩।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন