Logo

স্বাস্থ্য

তেজগাঁওয়ে হচ্ছে ফার্মা গ্রেড ওয়্যারহাউস, ভিত্তিপ্রস্তর স্থাপন

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৯:৫৩

তেজগাঁওয়ে হচ্ছে ফার্মা গ্রেড ওয়্যারহাউস, ভিত্তিপ্রস্তর স্থাপন

দেশের স্বাস্থ্য পণ্য সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করতে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) প্রাঙ্গণে ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গ্লোবাল ফান্ডের সহায়তায় বাংলাদেশ সরকার ও জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) সমন্বিতভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি), ইউএনওপিএস ও গ্লোবাল ফান্ডের অংশীদারত্বে নির্মাণ হতে যাওয়া ওয়্যারহাউসটি প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী নিরাপদ ও মানসম্মতভাবে সংরক্ষণে ব্যবহার করা হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত ওয়্যারহাউসটির আয়তন প্রায় ১৪ হাজার বর্গফুট। এতে প্রায় এক লাখ ঘনফুট পণ্য সংরক্ষণের সক্ষমতা থাকবে। আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুবিধা থাকবে স্থাপনাটিতে।

ফার্মাসিউটিক্যাল পণ্য সংরক্ষণের প্রয়োজনীয় মানদণ্ড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ওয়্যারহাউসটি নির্মাণ করা হবে। প্রকল্পটি প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণে বিদ্যমান অবকাঠামোগত ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, আধুনিক ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণ দেশের স্বাস্থ্য পণ্য সরবরাহব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিরাপদ, মানসম্মত ও দক্ষ সংরক্ষণ অবকাঠামোয় বিনিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রীর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে এটি সহায়ক হবে।

মন্ত্রী আরও বলেন, প্রকল্পটি জাতীয় স্বাস্থ্য কর্মসূচির প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করার বৃহত্তর উদ্যোগের অংশ। সংরক্ষণ সক্ষমতা, পরিচালন দক্ষতা, নিরাপত্তা এবং মানদণ্ড অনুসরণ আরও উন্নত করা গেলে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, গ্লোবাল ফান্ডের সিনিয়র ফান্ড পোর্টফোলিও ম্যানেজার কিউ কুই, ইউএনওপিএস বাংলাদেশের অফিসার ইনচার্জ ও প্রোগ্রাম ম্যানেজার নামিরা বসনজাকসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন