Logo

স্বাস্থ্য

ঢাকা ক্লাব-মেডপার্ক হাসপাতাল থাইল্যান্ডের মধ্যে সমঝোতা স্মারক সই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৫৩

ঢাকা ক্লাব-মেডপার্ক হাসপাতাল থাইল্যান্ডের মধ্যে সমঝোতা স্মারক সই

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবা সহযোগিতা জোরদার এবং বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ করতে ঢাকা ক্লাব লিমিটেড ও থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে ঢাকা ক্লাবের সদস্যদের জন্য একটি বিশেষ চিকিৎসাবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মেডপার্ক হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সুয়াচাই, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিওলজি ও ভাসকুলার ডিজিজ বিশেষজ্ঞ, হৃদ্‌রোগ ও রক্তনালিসংক্রান্ত বিভিন্ন রোগ, ঝুঁকি এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করেন।

অন্যদিকে, অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ও স্পাইন সার্জারি বিষয়ে বিশেষজ্ঞ ডা. সোমবাত কুনাকর্নসাওয়াত মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা, কোমর ও ঘাড়ের ব্যথা এবং আধুনিক চিকিৎসা ও অস্ত্রোপচার পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

সেমিনারে চিকিৎসকরা মেডপার্ক হাসপাতাল থাইল্যান্ডের উন্নত চিকিৎসা প্রযুক্তি, আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা এবং বিশেষায়িত চিকিৎসাসেবা সম্পর্কে সদস্যদের অবহিত করেন। ঢাকা ক্লাবের সদস্যরা বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণ করেন।

সমঝোতা স্মারকের আওতায় ঢাকা ক্লাবের সদস্যদের জন্য মেডপার্ক হাসপাতালে বিশেষায়িত ও অগ্রাধিকারভিত্তিক রোগীসেবা নিশ্চিত করা হবে। এর মধ্যে রয়েছে এভারগ্রিন লাউঞ্জ ব্যবহারের সুযোগ, অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, ব্যক্তিকৃত রোগী সহায়তা ও চিকিৎসা সমন্বয়, লাউঞ্জ থেকেই ওষুধ সংগ্রহ ও বিল পরিশোধের সুবিধা এবং নির্ধারিত চিকিৎসা ও সেবায় বিশেষ সুবিধা। প্রযোজ্য শর্ত ও ব্যতিক্রম অনুযায়ী সদস্যরা অধিকাংশ ওষুধে ৫ শতাংশ এবং জেনারেল ওয়ার্ডের কক্ষ ভাড়ায় ১০ শতাংশ ছাড়ও পাবেন।

অনুষ্ঠানে ঢাকা ক্লাবের সভাপতি শামীম হোসেনসহ ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডপার্ক হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন কাজী শারহান সাইফ, ম্যানেজার, ইন্টারন্যাশনাল মার্কেটিং—বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও আফ্রিকা; মোহাম্মদ বায়েজিদ, ইন্টারন্যাশনাল মার্কেটিং সুপারভাইজার, বাংলাদেশ; সাইফুল ইসলাম রানা, ব্যবস্থাপনা পরিচালক, মেডপার্ক হাসপাতাল বাংলাদেশ অফিস; অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সুয়াচাই এবং ডা. সোমবাত কুনাকর্নসাওয়াতসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশের রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন করতে মেডপার্ক হাসপাতাল ঢাকার বনানী ও চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ, চিকিৎসা সমন্বয়, ভিসা ও ভ্রমণ সহায়তাসহ বিভিন্ন রোগী সহায়তা প্রদান করে আসছে।

এই সমঝোতার মাধ্যমে ঢাকা ক্লাবের সদস্যদের জন্য আন্তর্জাতিক মানের বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে ঢাকা ক্লাব ও মেডপার্ক হাসপাতালের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন