Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ৯ মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ৯ মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে; যা চলতি বছরের এখন পর্যন্ত এক দিনের হিসাবে রেকর্ড প্রাণহানি। এই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে এক হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে মৃত্যু ও হাসপাতালে ভর্তির এই তথ্য তুলে ধরা হয়েছে।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়াল ১৩০ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৪৫ হাজার ৪৭৫ জনে।

নতুন করে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৬ জন, দক্ষিণ সিটিতে ১৩৪ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ৪০৮ জন হাসপাতালে ভর্তি হন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১১৭ জন, খুলনায় ২৪২ জন ও ময়মনসিংহে ৭৭, রংপুরে ৭১ জন, রাজশাহীতে ১১৬ এবং সিলেটে আটজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজারের মতো।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন