ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ছয় জন। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু বিষয়ক পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
হাম বিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৪৩ জনের শরীরে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০২০ জনে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০২ জনের। সেই হিসাবে হামে মোট এক হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৬৩ জন মারা গেছেন ঢাকা বিভাগে।
এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছেন ১৭৯ জন। এ ছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৬, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছেন।
আরো বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ১৩ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। যার মধ্যে এক হাজার তিন জন ভর্তি হয়েছেন।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ২৯৯ জন, চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৮, খুলনায় ৭৩, ময়মনসিংহ ৪৯, রাজশাহীতে ২৫ ও রংপুরে ৩৩ জন।
প্রতিবেদন অনুসারে, দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৩ হাজার ২৪ জন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
এদিকে হাম উপসর্গে রোগীর সংখ্যা দাড়াল এক লাখ ৯৫ হাজার ১৯৭ জন। যার মধ্যে ২১ হাজার ৬৬৬ জন রোগীর শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।
হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ছয় জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন আক্রান্ত এক হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৯ জন, খুলনা বিভাগে ২৭৬ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন এবং রংপুর বিভাগে ৬২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮৪ হাজার ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৫৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচ হাজার ৬৩১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ৪৮২ জন।
বাংলাদেশের খবর/আরইউ

