স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৮:২১
স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দুই দিনব্যাপী বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল। গত ২৫ অক্টোবর থেকে আজ ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলোক হাসপাতাল লিমিটেডে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে নারীদের স্তন ক্যানসারের সম্ভাব্য লক্ষণ, স্তনে অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন জেনারেল অ্যান্ড কলোরেক্টাল সার্জন ডা. নাজমুন নাহার পপি। ক্যাম্পের আওতায় রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্রেস্ট এক্সামিনেশনের পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি ও ম্যামোগ্রাফি পরীক্ষায় ২৫ শতাংশ এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ক্যাম্পে অংশ নেওয়া অধিকাংশ রোগী ও সেবাগ্রহীতা এ উদ্যোগের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং আন্তরিক সেবা পেয়ে তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেন।
আলোক হেলথকেয়ার কর্তৃপক্ষ জানায়, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে নারীদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশেরখবর/আরকে

