Logo

স্বাস্থ্য

ডেঙ্গু ও হামের উপসর্গে ৭ মৃত্যু, ভর্তি ২৬৬২

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ২১:৩১

অ
ডেঙ্গু ও হামের উপসর্গে ৭ মৃত্যু, ভর্তি ২৬৬২

ছবি: সংগৃহীত

ডেঙ্গু ও হামের উপসর্গে শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৬২ জন। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সারা দেশে তিনজনের মৃত্যু এবং নতুন ১ হাজার ৬৭৪ জনের ভর্তির তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৫৮ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৮২৬ জন।

অন্যদিকে, হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬১ জনের নিশ্চিত সংক্রমণসহ ৯৮৮ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে (নিশ্চিত হামে ১০৫ ও উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৫ জন)। এই সময়ে মোট ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন সন্দেহজনক আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৭১৪ জন। এছাড়া চট্টগ্রামে ৩১১, বরিশালে ২১৩, খুলনায় ১৯০, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০, ময়মনসিংহে ৫০ ও সিলেটে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকার দুজন এবং বরিশাল বিভাগের একজন রয়েছেন।

বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন, যাদের মধ্যে মারা যান ১ হাজার ৭০৫ জন। এরপর ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত ও মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, যাদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন