Logo

স্বাস্থ্য

হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়াতেল: বিএফএসএ চেয়ারম্যান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৭:৩০

অ
হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়াতেল: বিএফএসএ চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে বুধবার (১১ নভেম্বর) আয়োজিত ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এসব কথা বলেন। 

তিনি বলেন, আমাদের শরীরের দুটি অঙ্গকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরতে পারি। একটি হলো মাথা, অন্যটি হলো আমাদের হার্ট৷ শরীরের বাহ্যিক অন্যান্য অঙ্গের ক্ষতি হলেও মাথাকে যেমন আমরা বাঁচানোর চেষ্টা কর; তেমনি আমাদের শরীরের অভ্যন্তরে আরেকটি অঙ্গ আছে, সেটা হলো হার্ট৷ যেটিকে সরাসরি আঘাত করে পোড়াতেল৷ হার্টের যতগুলো শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্নক হলো পোড়াতেল৷ তাই আমাদের সবাইকে পোড়াতেল পরিহার করতে হবে৷ ব্যক্তি পর্যায়ে যেমন করতে হবে, তেমনি ব্যবসায়ীদেরও করতে হবে৷

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে (লেভেল-০৬) এ সেমিনার অনুষ্ঠিত হওয়া এ সেমিনারে তিনি বলেন, ‘একজন ব্যবসায়ী যদি একটা সিঙ্গাড়া পোড়াতেলে না ভেজে সতেজ তেলে ভেজে দাম বেশিও রাখেন, তাহলেও মানুষ ফ্রেশ তেলের সিঙ্গাড়াটা খাবে৷ ব্যবসায়ীদের সেই বিশ্বাসের জায়গাটা তৈরী করতে হবে৷

পোড়াতেলের টেকসই ব্যবস্থাপনা সম্পর্কে বিএফএসএ চেয়ারম্যান বলেন, ‘পোড়াতেল অনেকভাবে ডিজপোজাল হয়৷ সবচেয়ে টেকসই উপায় হচ্ছে- বায়োটেকের মতো প্রতিষ্ঠানকে তুলে দেয়া৷ এর মাধ্যমে যেমন একদিকে আর্থিক সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশও ভালো থাকবে৷

বাংলাদেশ নিরাপদ খাদ কর্তৃপক্ষ এসব কাজে সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

বিএফএসএ সদস্য (যুগ্মসচিব) মো. আনোয়ারুল ইসলাম সরকার-এর সভাপতিত্বে শুরু হওয়া এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ সোয়েব৷

পোড়াতেল কীভাবে উৎপন্ন হয়, পোড়াতেল গ্রহণে মানবস্বাস্থ্য ও পরিবেশের উপর বিভিন্ন কুফল, ভোজ্যতেল গ্রহণের গুরুত্ব, ট্রান্সফ্যাটি এসিড ও ঝুঁকি, কীভাবে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ করা যায় ইত্যাদি বিষয়ে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন আলোচনা করেন৷ তিনি বলেন, ব্যবহৃত ভোজ্যতেল বারবার ব্যবহারের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও হার্ট এটাকের ঝুঁকি, রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতির সম্ভাবনা ও ক্যান্সারের ঝুঁকি তৈরী হচ্ছে৷ 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা৷  তারা তাদের বক্তব্যে পোড়াতেল বারবার ব্যবহারের মাধ্যমে পরিবেশ ও মানব স্বাস্থ্যেরে ক্ষতি না করে বায়োডিজেলে রূপান্তর করার উপর গুরুত্ব আরোপ করেন। এতে করে একদিকে মানবস্বাস্থ্য যেমন বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে, তেমনি গাড়ি বা মেশিন চালানোর কাজে সে বায়োডিজেল ব্যবহার করা যাবে।  

বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হামিদ বলেন, ’সারা দেশের অন্তত তিন হাজার খাদ্যস্থাপনা থেকে বায়োটেক এনার্জি বর্তমানে প্রতি মাসে ১০০ টনের বেশি পোড়াতেল সংগ্রহ করছি। আশা করছি ২০৩০ সালের মধ্যে মাসে এক হাজার টন সংগ্রহ করতে পারবো। সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় এসব পোড়াতেল থেকে আমরা বায়োডিজেল উৎপাদন করি।’

তিনি উল্লেখ করেন, মাত্র ১ লিটার ব্যবহৃত ভোজ্য তেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে৷ 

এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জি লিমিটেডের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, গনমাধ্যমের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন