নীলফামারীতে ভোটারদের মুখোমুখি ৬ প্রার্থী : নানা প্রতিশ্রুতি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরাসরি জনগণের মুখোমুখি হয়েছেন। সোমবার দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজনে এক ব্যতিক্রমী অনুষ্ঠানে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা।
সুজন জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক সমন্বয়কারী রাজেস দে। অনুষ্ঠানে প্রার্থীরা একে অপরের হাত ধরে ভ্রাতৃত্বের জানান দেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার করেন।
প্রার্থীদের প্রধান প্রতিশ্রুতিসমূহ
প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন (ধানের শীষ) : বিএনপি মনোনীত এই প্রার্থী জানান, নীলফামারী জেলাকে দেশের একমাত্র নিরক্ষরমুক্ত জেলা এবং শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া হাইটেক পার্ক, বিসিক শিল্পনগরী স্থাপন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ এবং জেলা সদরে ওভারব্রিজ ও বাইপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। তিনি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতিও দেন।
অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ (দাঁড়িপাল্লা) : ১১ দলীয় জোটভুক্ত জামায়াত মনোনীত এই প্রার্থী বলেন, নীলফামারী জেলা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তিনি কৃষিভিত্তিক ও প্রযুক্তি নির্ভর উন্নয়নের মাধ্যমে জেলার অর্থনীতির চাকা সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যান্য প্রার্থীরা : ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট হাছিবুল ইসলাম (হাতপাখা), খেলাফত মজলিসের সারোয়ারুল আলম (দেওয়াল ঘড়ি), বিএনএফ-এর সিরাজুল ইসলাম (টেলিভিশন) এবং স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ (ফুটবল) নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং স্বাগত বক্তব্য দেন সুজনের সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম প্রধান। আলোচনা শেষে প্রার্থীরা উপস্থিত ভোটারদের সামনে সম্মিলিতভাবে অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন। ভোটারদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠানটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
তৈয়ব আলী সরকার/এমএইচএস

