Logo

সারাদেশ

আধ্যাত্মিক সাধক ‘ডক সাহেব’র দ্বিতীয় প্রয়াণ দিবস আজ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫১

আধ্যাত্মিক সাধক ‘ডক সাহেব’র দ্বিতীয় প্রয়াণ দিবস আজ

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গার প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও জনহিতৈষী ব্যক্তিত্ব শাহসুফী আব্দুল খালেক মুন্সি (ডক সাহেব)-এর দ্বিতীয় প্রয়াণ দিবস আজ। ২০২৪ সালের এ দিনে ১২৭ বছর বয়সে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামের মরহুম নূরুল হক মুন্সি ও মরহুমা রহিমা বেগমের সন্তান আব্দুল খালেক মুন্সি নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন ‘ডিরেক্টর অব সেন্ট্রাল কিংডম’। এর সংক্ষিপ্ত রূপ ‘ডক সাহেব’ হিসেবেই তিনি সমধিক পরিচিতি পেয়েছিলেন।

প্রথাগত সাধকদের বাইরে ব্যতিক্রমী জীবনযাপনের দৃষ্টান্ত ছিলেন ডক সাহেব। উচ্চশিক্ষিত হয়েও তিনি সাধারণ লুঙ্গি-পাঞ্জাবি পরিধান করে সরল জীবন কাটিয়েছেন। তার জীবনদর্শনে আধ্যাত্মিক সাধনার পাশাপাশি আর্তমানবতার সেবাকেই প্রধান ব্রত হিসেবে বিবেচনা করা হতো।

ডক সাহেব একাধারে আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি ছিলেন। ১৯৭৩ সালে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি হয়েও নিজ হাতে রাস্তা ও নর্দমা পরিষ্কারের কাজ করতেন। ১৯৭২ সালে নারী শিক্ষার প্রসারে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দৈনন্দিন জীবনে অনাহারীকে খাবার পৌঁছে দেওয়া ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখাই ছিল তার অভ্যাস।

মৃত্যুর একদিন পর ইছাপাশা গ্রামের নিজ প্রতিষ্ঠিত ‘বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল পাক দরবার শরীফ’ প্রাঙ্গণে হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে তাকে সমাহিত করা হয়।

আব্দুল খালেক মুন্সির প্রপৌত্র প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান মুন্সি নাঈম বলেন, ‘মানুষের সেবাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। প্রথাগত ধর্মীয় চর্চার গণ্ডি পেরিয়ে তিনি সেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।’

ডক সাহেবের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামে তার প্রতিষ্ঠিত ‘বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল পাক দরবার শরীফ’-এ দোয়া, বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।

মরহুমের কনিষ্ঠ পুত্র মো. সিরাজুল হক মুন্সি জানান, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত বাবার ওফাত দিবসের মাহফিলে অংশ নিতে আসবেন।’

ভক্তদের মতে, ডক সাহেবের মানবসেবা ও অসাম্প্রদায়িক জীবনাদর্শ আগামী প্রজন্মের জন্য এক মহৎ অনুপ্রেরণা হয়ে থাকবে। তার কর্মময় জীবন সামাজিক উন্নয়নে চিরকাল আদর্শ হিসেবে বিবেচিত হবে।

মিয়া রাকিবুল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর