‘সাংবাদিকদের ভিআইপি মর্যাদা ও রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া উচিত’
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২
স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. রাশেদুজ্জামান। ছবি : বাংলাদেশের খবর
‘একজন ভিআইপি যে মর্যাদা পান, একজন সাংবাদিককে একই মর্যাদা ও নিরাপত্তা দেওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. রাশেদুজ্জামান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বেতাগীর বেইলি ব্রিজ এলাকায় প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদুজ্জামান বলেন, ‘একজন সাংবাদিক দেশের সম্পদ। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে, বিভিন্ন মহল প্রভাব খাটিয়ে সাংবাদিকদেরকে হেনস্তা করছে। এমনকি তাদের ওপর লাঠিচার্জসহ নানান নির্যাতনের খবর দেখছি। এ ব্যাপারে এমন একটা আইন হওয়া উচিত, যেন একজন সাংবাদিককে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হয়। কারণ, এই সাংবাদিকরা জীবন বাজি রেখে জাতির জন্য সংবাদ সংগ্রহ করেন। তাই তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে এমন আইন করা উচিত- যদি কেউ সাংবাদিকের গায়ে হাত তোলে বা হেনস্তা করে কথা বলে, তাদেরকে প্রয়োজনবোধে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া উচিত বলে মনে করি।’
তিনি আরও বলেন, ‘একজন সাংবাদিক দেশের সম্পদ, জাতির সম্পদ। কারণ, তিনি তার পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সবাইকে অপকর্ম থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। একজন সাংবাদিকের ভয়ে প্রশাসনও ভালো করে চলে। যদি সাংবাদিক একদিনের জন্য দেশে না থাকে, নিউজ না করে, যত প্রশাসন থাকুক আমি চ্যালেঞ্জ করতে পারি, এই দেশ লুটপাট হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে। সাংবাদিক ভাইদের গুরুত্ব অপরিসীম। তাদেরকে ভিআইপিভাবে মর্যাদা দেওয়া উচিত।’
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ভোটের প্রচারণা বাড়ছে সৈকত সৌন্দর্যের জেলা বরগুনায়। জেলার দুটি আসনে শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। বিকেল সাড়ে পাঁচটায় বরগুনা-২ আসনের বেতাগী উপজেলা শহরের বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ করেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রাশেদুজ্জামান খান। তিনি নির্বাচিত হলে জেলে অধ্যুষিত বরগুনার পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলার যুবকদের কর্মসংস্থান, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা ও জেলেদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানান। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ রিপাবলিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমা. মেহেদী হাসান।
খান নাঈম/এইচকে

