Logo

সারাদেশ

সিলেট-১ আসন

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ বিএনপির

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৩

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ বিএনপির

ছবি: সংগৃহীত

সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় কোম্পানির শেয়ার ও ঋণসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ তুলেছে বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপি এ অভিযোগ করে। নেতারা বলেন, তথ্য গোপন করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং এটি রাজনৈতিক ভণ্ডামির শামিল।

সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নানা বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে, যা জনগণের দৃষ্টি দেশের বাস্তব সমস্যা সমাধান থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রতিপক্ষ প্রতিদিন নৈতিকতার কথা বললেও নিজস্ব হলফনামায় স্বচ্ছভাবে তথ্য প্রকাশের ন্যূনতম দায়ও পালন করছে না।

তিনি দাবি করেন, আরজেএসসি (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস)–এর ফর্ম-১২ অনুযায়ী মাওলানা হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল কারামা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার। তবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়নি। এ ছাড়া শিডিউল-১০ প্রতিবেদনে ইবনে সিনা হাসপাতালের ২৪ কোটি টাকার ঋণ অনাদায়ী রয়েছে বলেও দাবি করেন তিনি, যা হলফনামায় প্রকাশ করা হয়নি।

কয়েস লোদী আরও বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট শাখায় হাবিবুর রহমানের বড় অঙ্কের ঋণ রয়েছে, যা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এসব তথ্য যাচাইযোগ্য দাবি করে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় বিএনপি।

তিনি বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল-জুলুমের শিকার হয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সময়ে ব্যক্তিগত আক্রমণে সময় নষ্ট করা ঠিক নয়। জনগণের নজর থাকা উচিত কর্মসংস্থান, দ্রব্যমূল্য, জীবনের নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসার মতো বাস্তব সমস্যার দিকে।’

কয়েস লোদী আরও বলেন, ৫ আগস্ট–পরবর্তী বাস্তবতায় দেশের মানুষ রাজনীতি নিয়ে নতুন আশার কথা ভাবছে। অথচ এই সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্রহননের চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকিসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর