‘দাঁড়িপাল্লা বিজয়ী হলে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ হবে’
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৪
ছবি : বাংলাদেশের খবর
ফেনী-৩ (দাগনভূঞা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘দাঁড়িপাল্লা বিজয়ী হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সরকারি অফিসে ঘুষ লেনদেন বন্ধ হবে। দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ন্যায়বিচার ও শান্তি নিশ্চিত হবে, যার মাধ্যমে অপ্রতিরোধ্য উন্নয়ন সম্ভব।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দাগনভূঞা উপজেলার আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতেও দেব না। সকল প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি ও সরকারি অফিস-আদালতে ঘুষ লেনদেন বন্ধ হবে।’
ডা. মানিক দাবি করেন, দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে তিনি এই জনপদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করেছেন।
তিনি বলেন, ‘এবার দেশব্যাপী দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। একপক্ষ এই গণজোয়ার দেখে ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখলের হুমকি-ধমকি দিচ্ছে। কিন্তু ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিজয় এবার কেউ ঠেকাতে পারবে না।’
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।
মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, ‘লুটেরা, চোর, চাঁদাবাজদের নিয়ে কথা বলতে পারি না। প্রতিপক্ষের প্রার্থী ভোট চাওয়ার চেয়ে বেশি বিলাপ করছেন। ছোট কলিজা দিয়ে কীভাবে রাজনীতি করবেন? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণেই আপনার (বিরোধী প্রার্থী) জ্বলছে।’
দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমির গাজী ছালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেনী জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক জাহিদুল ইসলাম সৈকত, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল ও দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা নুর নবী দুলাল প্রমুখ।
এআরএস

