Logo

সারাদেশ

ভোট পুনঃগণনার দাবিতে পাবনায় ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৩

ভোট পুনঃগণনার দাবিতে পাবনায় ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালীন নেতাকর্মীরা ভোটের ফলাফল জালিয়াতির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ ও বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক সেনাবাহিনী প্রহরায় তার কার্যালয়ে প্রবেশ করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

পরে পাবনা-৩ আসনের পরাজিত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং পাবনা-৪ আসনের পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই বৈঠক শেষে নেতৃবৃন্দ তাদের কর্মীদের নিয়ে ডিসি অফিস প্রাঙ্গণ ছেড়ে যান। বৈঠক সম্পর্কে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম জানান, পরাজিত দুই প্রার্থীর আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং তা প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, পাবনা-৩ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আলী আজগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। অর্থাৎ মাত্র ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে তুহিন পরাজিত হয়েছেন। অন্যদিকে, পাবনা-৪ আসনে জামায়াতের আবু তালেব মন্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। এই আসনে জয়ের ব্যবধান ৩ হাজার ৮০১ ভোট। স্বল্প ব্যবধানে পরাজয়ের কারণেই মূলত এই দুই আসনে ভোট পুনঃগণনার দাবি তুলেছেন প্রার্থীরা।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর